চুয়াডাঙ্গার উথলী মাধ্যমিক বিদ্যালয়ে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ বিরোধী সচেতনতা সভা অনুষ্ঠিত 

আহম্মদ সগীর, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্র-ছাত্রী, শিক্ষক ও অভিভাবকদের অংশগ্রহণে মাদক, বাল্যবিয়ে এবং ইভটিজিং প্রতিরোধে একটি বিশেষ গণসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (১০ আগস্ট ২০২৬) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার। জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া সুলতানা এ্যানির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ রফিকুল ইসলাম, জীবননগর উপজেলা শিক্ষা অফিসার মোঃ ইসমাইল হোসেন এবং উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ ফিরোজুল ইসলাম।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন উথলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ আকরাম হোসেন, উথলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লুৎফর রহমান, উথলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নওশাদ আলী এবং বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মোশারফ হোসেন।

এছাড়াও জীবননগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ জিল্লুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, শিক্ষক-শিক্ষিকা ও বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষক ও অভিভাবকদের সবচেয়ে বড় ভূমিকা পালন করতে হবে। সন্তানরা কার সাথে মিশছে, পড়াশোনার বাইরে কোথায় যাচ্ছে—সে ব্যাপারে সার্বক্ষণিক নজরদারি রাখতে হবে।”তিনি আরও বলেন, “সমাজে কোনোভাবেই মাদক, ইভটিজিং বা বাল্যবিয়ে প্রশ্রয় দেওয়া হবে না। বাল্যবিবাহ এবং মাদক চোরাচালানের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। এই ধরণের সামাজিক অপরাধের বিরুদ্ধে যেকোনো তথ্য সরাসরি আমাকে (জেলা প্রশাসনকে) জানানো যাবে।”সভায় উপস্থিত বক্তারা তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে এবং বাল্যবিয়ে ও ইভটিজিং মুক্ত একটি সুস্থ সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Facebook Comments Box
Share: