আলফাডাঙ্গা বিএনপি নেতা মোঃ খোশবুর রহমান খোকনের বহিষ্কারাদেশ প্রত্যাহার

আজিজুর রহমান দুলাল: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মোঃ খোশবুর রহমান খোকনের
দলীয় বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে জেলা বিএনপি। গত ২১ নভেম্বর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। এর ফলে তিনি দলের প্রাথমিক সদস্য হিসেবে স্বাভাবিক সাংগঠনিক কার্যক্রম পরিচালনার সুযোগ পেয়েছেন।

ফরিদপুর জেলা বিএনপির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মোঃ খোশবুর রহমান খোকনের আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁর বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে দলের আদর্শ, লক্ষ্য ও সাংগঠনিক শৃঙ্খলা মেনে দলীয় কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।

জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছা ও সদস্যসচিব এ কে এম কিবরিয়া স্বপন বিজ্ঞপ্তিতে যৌথভাবে স্বাক্ষর করেন।

এ সিদ্ধান্তের অনুলিপি ফরিদপুর-১ (আলফাডাঙ্গা-বোয়ালমারী-মধুখালী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী খোন্দকার নাসিরুল ইসলাম নাসির এবং আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে পাঠানো হয়েছে।

বহিষ্কারাদেশ প্রত্যাহারের খবরে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। তাঁদের প্রত্যাশা, এ সিদ্ধান্তের মধ্য দিয়ে উপজেলা বিএনপির সাংগঠনিক ঐক্য আরও সুদৃঢ় হবে এবং দলীয় কার্যক্রমে নতুন গতি সঞ্চারিত হবে।

Facebook Comments Box
Share: