শেখ হাসিনাকে দেশে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন, বাকি সিদ্ধান্ত ভারতের : আইনমন্ত্রী
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার, বাকি সিদ্ধান্ত ভারত সরকারের বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
শনিবার (১৪ নভেম্বর) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশিনের বার্ষিক সাধারণ সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে বিবিসির একটি প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, আমাদের পক্ষ থেকে আইনি প্রক্রিয়ায় যা যা করণীয় আমরা করে রেখেছি, এখন উনারা (ভারত) কি করবে, সেটা উনাদের (ভারতের) বিষয়।
আইনমন্ত্রী বলেন, শেখ হাসিনা আইনি সুযোগেই বাংলাদেশে আসবেন। অ্যাক্সট্রিডেশন চুক্তি যেটা, সেই চুক্তির আওতায় যখন তাকে প্রর্ত্যপণ করা হবে, সেটা একটা আইনি প্রক্রিয়া।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিলের নির্ধারিত সময় পার হয়ে যাওয়ায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী। তিনি বলেন, ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইনে আপিলের জন্য নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়েছে। সেই সময়সীমা পার হয়ে গেলে আইন অনুযায়ী আপিলের সুযোগ থাকে না। এটি শেখ হাসিনার বাবার প্রণীত আইন। সেই আইনের বিধান সবার ক্ষেত্রেই প্রযোজ্য।

