হাডুডু–ক্রামবোর্ডে ফিরল গ্রামবাংলার ঐতিহ্য, ৪৬ বছরের পুরোনো ইউনাইটেড ক্লাব চালুর উদ্যোগ
আজিজুর রহমান দুলাল, আলফাডাঙ্গা (ফরিদপুর): ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ঐতিহ্যবাহী নওয়াপাড়া গ্রামে বসেছিল প্রাণের মিলনমেলা। নওয়াপাড়া হাইস্কুল মাঠে সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল থেকে রাত ১১টা পর্যন্ত এ আয়োজন চলে। এতে গ্রামের প্রবীণ ও নবীন প্রজন্মের মানুষের মিলন ঘটে। হাসি-আড্ডা, স্মৃতিচারণ ও গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলাধুলায় মুখর হয়ে ওঠে পুরো মাঠ।
দীর্ঘদিন কার্যক্রম বন্ধ থাকা ১৯৮০ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী দি ইউনাইটেড ক্লাব পুনরায় চালুর উদ্যোগকে কেন্দ্র করে এ মিলনমেলার আয়োজন করা হয়। একই সঙ্গে ক্লাব ভবনের কাজেরও উদ্বোধন করা হয়। আয়োজকদের এ উদ্যোগকে ঘিরে গ্রামের বিভিন্ন বয়সী মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
বিকেলে হাডুডু খেলার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে অনুষ্ঠিত হয় ক্রামবোর্ড খেলা। মাঠে খেলোয়াড়দের প্রাণবন্ত প্রতিযোগিতা আর চারপাশে দর্শকদের উচ্ছ্বাসে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। দীর্ঘদিন পর গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলাধুলার এমন আয়োজন দেখতে নওয়াপাড়া হাইস্কুল মাঠে ভিড় করেন নানা বয়সী মানুষ।
আয়োজকরা জানান, আধুনিকতার প্রভাবে হারিয়ে যেতে বসা গ্রামীণ খেলাধুলাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং গ্রামের মানুষের পারস্পরিক সম্পর্ক ও সম্প্রীতি আরও দৃঢ় করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। পাশাপাশি দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকা দি ইউনাইটেড ক্লাবকে নতুনভাবে সচল করে ক্রীড়া, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে তরুণদের সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে।
১৯৮০ সালে প্রতিষ্ঠিত দি ইউনাইটেড ক্লাব একসময় নওয়াপাড়া গ্রামের ক্রীড়া ও সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত। নানা কারণে দীর্ঘদিন ক্লাবটির কার্যক্রম বন্ধ ছিল। এবার প্রবীণদের অভিজ্ঞতা ও তরুণদের উদ্যমকে কাজে লাগিয়ে ক্লাবটির কার্যক্রম নতুনভাবে শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে।
বিকেল থেকে শুরু হওয়া নানা আয়োজন শেষে রাতে গ্রামের মানুষের সম্মিলিত সহযোগিতায় আয়োজন করা হয় খিচুড়ি ভোজের। এতে গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশা ও বয়সের মানুষ অংশ নেন। দীর্ঘদিন পর একসঙ্গে বসে খাবার গ্রহণ ও গল্প-আড্ডায় মিলনমেলায় যোগ হয় ভিন্নমাত্রা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নওয়াপাড়া হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক আব্দুর রউফ তালুকদার, আলফাডাঙ্গা আরিফুজ্জামান মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক রফিক হোসেন তালুকদার,সেলিম রেজা, বিএনপির সভাপতি আব্দুল মান্নান আব্বাস, জাফর মিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাসিবুর রহমান হাসিব, হাসমত হোসেন তালুকদার তপন, সৈয়দ নজরুলসহ নওয়াপাড়া গ্রামের গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আয়োজকদের প্রত্যাশা, দি ইউনাইটেড ক্লাবের কার্যক্রম পুনরায় চালু হলে নওয়াপাড়া গ্রামের তরুণরা খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত হবে। একই সঙ্গে এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে গ্রামের মানুষের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় হবে।
