২০২৬ সালের মধ্যেই দুবাইয়ে খুলছে বিশ্বের প্রথম ২৪ ক্যারেট সোনার হাঁটার পথ

দুবাই গোল্ড ডিস্ট্রিক্টের ব্যবসা সম্প্রসারণের মুখে সোনার পাইকারি অফিস ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে দর্শনার্থীরা শিগগিরই ২৪ ক্যারেট খাঁটি সোনা দিয়ে তৈরি একটি পথে হাঁটার অনুভূতি উপভোগ করতে পারবেন। দুবাই গোল্ড ডিস্ট্রিক্ট ২০২৬ সাল শেষ হওয়ার আগেই বিশ্বের প্রথম এবং দীর্ঘতম এই স্বর্ণনির্মিত হাঁটার পথ বা ‘গোল্ড ওয়াকওয়ে’ (Gold Walkway) সর্বসাধারণের জন্য উন্মুক্ত করতে চলেছে।

আগামী দুই মাসের মধ্যে এই আকর্ষণীয় স্থাপনাটি চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি পর্যটকদের জন্য একটি নতুন ল্যান্ডমার্ক হওয়ার পাশাপাশি সোনা ও জুয়েলারি ব্যবসার বিশ্বকেন্দ্র হিসেবে দুবাইয়ের অবস্থানকে আরও সুদৃঢ় করবে বলে আশা করা হচ্ছে।

দুবাই গোল্ড ডিস্ট্রিক্টের কমার্শিয়াল সিনিয়র ডিরেক্টর রাশিদ আল হারমুদি স্থানীয় সংবাদমাধ্যম ইমারাত আল ইয়ৌম-কে জানান, এই প্রকল্পের মাধ্যমে পর্যটক ও স্থানীয় বাসিন্দারা গোল্ড ডিস্ট্রিক্টের ভেতর একটি চমৎকার সোনালী পথে হাঁটার অনন্য অভিজ্ঞতা পাবেন। তিনি জোর দিয়ে বলেন, এটি বিশ্বের প্রথম ও দীর্ঘতম ২৪ ক্যারেট সোনা নির্মিত পদপথ হতে চলেছে।

এছাড়া, মধ্যপ্রাচ্যের সর্ববৃহৎ সোনা ও অলঙ্কার প্রদর্শনী আয়োজনের লক্ষ্যে দুবাই গোল্ড ডিস্ট্রিক্টে নতুন এক্সিবিশন স্পেস তৈরির কাজও চলছে।

আল হারমুদির দেয়া তথ্যমতে, ২০২৬ সালের শুরু থেকে এখন পর্যন্ত দুবাই গোল্ড ডিস্ট্রিক্টে পাইকারি স্বর্ণ ব্যবসার অফিসের সংখ্যা ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর পাশাপাশি সোনা, জুয়েলারি, মূল্যবান পাথর ও লাক্সারি ঘড়ি বিক্রির নতুন খুচরা দোকানের সংখ্যা বেড়েছে ১৫ শতাংশ।

নতুন নতুন বাণিজ্যিক প্রতিষ্ঠান এই এলাকাটিকে তাদের কেন্দ্র হিসেবে বেছে নেওয়ায় অবকাঠামোগত প্রসারের কাজ অব্যাহত রয়েছে। কার্যালয় ও দোকানের নতুন স্পেস যুক্ত হওয়ায় আগামী বছর ব্যবসাপ্রতিষ্ঠান স্থানান্তরের হার আরও ১০ থেকে ২০ শতাংশ বাড়বে বলে আশা করা হচ্ছে।

২৪ ক্যারেটের গোল্ড ওয়াকওয়ের ঘোষণার পাশাপাশি ১৬.৫১৪ কেজি ওজনের এক জোড়া সোনার কানের দুল উন্মোচন করা হয়েছে, যা বিশ্বের সবচেয়ে ভারী ও বড় সোনার দুল হিসেবে দুটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অর্জন করেছে।

জয় অলুক্কাস জুয়েলারি নির্মিত এই ২২ ক্যারেটের হস্তশিল্পের দুল জোড়া ঐতিহ্যবাহী ‘ঝুমকা’ নকশায় তৈরি। ‘ময়ূরা সহস্র’ (A Thousand Peacocks) নামের এই দুল জোড়ায় ভারতীয় সংস্কৃতিতে রূপ, সৌন্দর্য ও অভিজাতের প্রতীক ময়ূরকে তুলে ধরা হয়েছে। এটি পূর্বের গিনেস রেকর্ডধারীর চেয়ে প্রায় পাঁচগুণ ভারী এবং বেশ কয়েক মাসের দক্ষ কারিগরির ফসল।

সংযুক্ত আরব আমিরাতের অর্থনীতি ও পর্যটন মন্ত্রী আবদুল্লাহ বিন তৌক আল মারি দুবাই গোল্ড ডিস্ট্রিক্টের জোয়ালুক্কাস শোরুমে শনিবার (২৪ অক্টোবর) এই দুল জোড়া আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেন। অনুষ্ঠানে উপস্থিতিতেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের প্রতিনিধি ড. জয় অলুক্কাস ও জন পল অলুক্কাসের হাতে দুটি রেকর্ডের সনদপত্র তুলে দেন।

জয় অলুক্কাস গ্রুপের চেয়ারম্যান জয় অলুক্কাস জানান, এই কানের দুল দুটি বিক্রির জন্য রাখা হবে না; বরং শিল্পকর্ম হিসেবে সম্পূর্ণ অক্ষত রেখে স্থায়ীভাবে দুবাইয়ে প্রদর্শন করা হবে। ফলে স্থানীয় বাসিন্দা ও দুবাইয়ে আসা পর্যটকরা সব সময় এই অনন্য সৃষ্টি স্বচক্ষে দেখতে পারবেন।

#Dubai #DubaiGoldDistrict #GoldWalkway #GuinnessWorldRecord #Joyalukkas #MayuraSahasra #DubaiTourism #GoldTrade #UAE

Facebook Comments Box
Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *