আলফাডাঙ্গায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ৮ পাটের গুদামসহ ১১ দোকান ছাই, ক্ষতি প্রায় ২ কোটি টাকা
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের ফলিয়া বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে বাজারের ৭ থেকে ৮টি পাটের গুদাম এবং ৩টি দোকান ভস্মীভূত হয়েছে। পুড়ে যাওয়া গুদামগুলোতে থাকা প্রায় তিন হাজার মণ পাটসহ ব্যবসায়ীদের সংরক্ষিত মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে আনুমানিক দেড় থেকে দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
গতকাল শনিবার (২৪ অক্টোবর) রাত আনুমানিক ৮টার দিকে সহস্রাইল বাজারসংলগ্ন ফলিয়া বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, রাত ৮টার দিকে ফলিয়া বাজারের একটি পাটের গুদামে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের তীব্র লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে এবং পাশের অন্যান্য গুদাম ও দোকানে আগুন লেগে যায়। অগ্নিকাণ্ডের ভয়াবহতায় পুরো এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুনে বাজারের পাটের গুদামগুলোর পাশাপাশি একটি চায়ের দোকান ও দুইটি কাঁচামালের দোকান পুরোপুরি ভস্মীভূত হয়ে যায়। ক্ষতিগ্রস্ত গুদামগুলোর মধ্যে স্থানীয় বিএনপি নেতা ইমরুল, রাজু, মুরাদ, মাসুদ এবং দুই ফুয়াদের পাটের গুদাম রয়েছে বলে জানা গেছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী কাসেদ মন্ডল জানান, “হঠাৎ করেই একটি গুদামে আগুন দেখতে পাই। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে ৭-৮টি পাটের গুদামসহ কয়েকটি দোকান ভস্মীভূত হয়। গুদামগুলোতে থাকা প্রায় তিন হাজার মণ পাট পুড়ে ছাই হয়ে গেছে, যার আনুমানিক মূল্য প্রায় দুই কোটি টাকা।”
খবর পেয়ে আলফাডাঙ্গা ও বোয়ালমারী ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার আপ্রাণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই গুদাম ও দোকানগুলোর অধিকাংশ মালামাল পুড়ে যায়, যদিও ফায়ার সার্ভিস সদস্যরা কিছু মালামাল রক্ষা করতে সক্ষম হয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সোহেল রানা জানান, “খবর পাওয়া মাত্রই আলফাডাঙ্গা ও বোয়ালমারী ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো জানা যায়নি। বিষয়টির তদন্ত চলছে এবং ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিরূপণে কাজ করা হচ্ছে।”

