সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি: শিক্ষা, গবেষণা ও প্রযুক্তির আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নাম উজ্জ্বল করে চলা বিশিষ্ট শিক্ষাবিদ, সাইবার এথিকস বিশেষজ্ঞ ও গবেষক ড. জিনাত রেজা খান ‘বাংলাদেশ প্রেস ক্লাব, ইউএই’ কর্তৃক মর্যাদাপূর্ণ ‘বিপিসি এক্সেলেন্স অ্যাওয়ার্ড ২০২৬’ (BPC Excellence Award 2026)-এর বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছেন। শিক্ষা ও গবেষণা খাতে তাঁর অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে বাংলাদেশ প্রেস ক্লাব, ইউএই-এর কর্মকর্তা ও নেতৃবৃন্দ তাঁর হাতে এই বিশেষ সম্মাননা স্মারক তুলে দেন।
ড. জিনাত রেজা খান প্রখ্যাত বন্যপ্রাণী বিশেষজ্ঞ ও ডেনিস অ্যালেন হোমস সম্মাননা বিজয়ী ড. মোহাম্মদ আলী রেজা খানের সুযোগ্য কন্যা। তিনি দীর্ঘদিন ধরে দুবাইয়ের সুনামধন্য ‘ইউনিভার্সিটি অব ওলোংগং’ (University of Wollongong in Dubai)-এ অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে অধ্যাপনা করছেন। এ ছাড়া তিনি সংযুক্ত আরব আমিরাতের ‘সেন্টার ফর একাডেমিক ইন্টিগ্রিটি’ (ECAIU)-র প্রতিষ্ঠাতাকালীন সভাপতি। সাইবার নীতিশাস্ত্র (Cyber Ethics), কৃত্রিম বুদ্ধিমত্তার নৈতিক ব্যবহার, একাডেমিক সততা এবং প্রযুক্তিতে নারীর অংশগ্রহণের ওপর তাঁর আন্তর্জাতিক মানের গবেষণা ও নেতৃত্ব বিশ্বমঞ্চে সমাদৃত। এ পর্যন্ত দেশি-বিদেশি বিভিন্ন জার্নালে তাঁর ৮০টিরও বেশি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে।
আন্তর্জাতিক পরিসরে প্রবাসের মাটিতে তাঁর এই কৃতিত্ব বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাংলাদেশি কমিউনিটি এবং নতুন প্রজন্মের জন্য এক দারুণ অনুপ্রেরণা। সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, ড. জিনাত রেজা খানের এই আন্তর্জাতিক অর্জন প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার পাশাপাশি আমাদের পুরো জাতির জন্য অত্যন্ত গর্ব ও আনন্দের।
সম্মাননা গ্রহণকালে ড. জিনাত রেজা খান বাংলাদেশ প্রেস ক্লাব, ইউএই-এর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শিক্ষা ও গবেষণায় তরুণ প্রজন্মকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান। অনুষ্ঠানে প্রেস ক্লাবের জ্যেষ্ঠ নেতৃবৃন্দসহ সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বিশিষ্ট বাংলাদেশি ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
