কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাসে সাংবাদিক প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

বিশেষ প্রতিনিধি, কাঠমান্ডু: নেপালের রাজধানী কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাসে সৌজন্য সাক্ষাৎ করেছে বাংলাদেশ ও নেপালের ঊর্ধ্বতন সাংবাদিকদের একটি যৌথ প্রতিনিধি দল। সদ্য সমাপ্ত ‘৩য় আন্তর্জাতিক আদিবাসী ভাষা সম্মেলন-২০২৬’-এ অংশগ্রহণকারী এই প্রতিনিধি দলটি গত বৃহস্পতিবার কাঠমান্ডুর ‘বাংলাদেশ হাউস’-এ গিয়ে দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করে। নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শফিকুর রহমান ১০ সদস্যের এই প্রতিনিধি দলকে উষ্ণ অভ্যর্থনা জানান। বৈঠককালে তারা বাংলাদেশ-নেপাল দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিক, আদিবাসী ভাষার সাংবাদিকতার বর্তমান চিত্র এবং এ ক্ষেত্রে বাংলাদেশের ভূমিকা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত মতবিনিময় করেন।

উল্লেখ্য, গত ৯ আগস্ট বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে কাঠমান্ডুতে ৯ থেকে ১২ আগস্ট পর্যন্ত চার দিনব্যাপী আন্তর্জাতিক আদিবাসী ভাষা সম্মেলন অনুষ্ঠিত হয়। বিশ্ব আদিবাসী দিবসের মূল অনুষ্ঠান এবং এই সম্মেলনে ১৭টি দেশের প্রতিনিধি দলসহ প্রায় ৩৫ হাজার মানুষ অংশ নেন। এই সম্মেলনেই অংশগ্রহণের উদ্দেশ্যে বাংলাদেশের ১৩ সদস্যের একটি প্রতিনিধি দল বর্তমানে কাঠমান্ডুতে অবস্থান করছে।

জিয়াউর রহমানের নেতৃত্বে এই প্রতিনিধি দলে রয়েছেন সার্ক জার্নালিস্ট ফোরামের মহাসচিব ও ‘দ্য বাংলাদেশ পোস্ট’-এর সিনিয়র প্রতিনিধি মো. আবদুর রহমান, ‘দৈনিক বঙ্গবাণী’র সম্পাদক মোশতাক আহমেদ মুবারকী, ‘দৈনিক আজকাল’-এর বিশেষ প্রতিনিধি মো. জিয়াউর রহমান, ‘দৈনিক ব্যাংক বিমা অর্থনীতি’র সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান, ‘দৈনিক আমার বাংলা’র ব্যবস্থাপনা সম্পাদক পান্না জামান এবং ‘দৈনিক আজকের প্রভাত’-এর সিনিয়র প্রতিনিধি মো. আবু বকর সিদ্দিক।

দূতাবাসে অবস্থানকালে বাংলাদেশ প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন বেশ কয়েকজন বিশিষ্ট নেপালি সাংবাদিক। তাঁদের মধ্যে উপস্থিত ছিলেন ন্যাশনাল ফোরাম অব নেওয়ার জার্নালিস্টসের সভাপতি ও ‘লাহানা মিডিয়া’র সম্পাদক নৃপেন্দ্র লাল শ্রেষ্ঠ, সংগঠনের সহ-সভাপতি সুনীল মহর্জন, ‘লাহানা উইকলি’র সুরেন্দ্র ভক্ত শ্রেষ্ঠ এবং ‘এপি১ টিভি’র প্রতিনিধি রাজু নাপিত। ফলপ্রসূ আলোচনা ও মতবিনিময় সভা শেষে সফররত প্রতিনিধি দলের সম্মানে একটি মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। পুরো অনুষ্ঠানটি অত্যন্ত উষ্ণ, সৌহার্দ্যপূর্ণ ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

Facebook Comments Box
Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *