আড়াইহাজারে ৫ কোটি টাকার ভ্যাট বিহীন চায়না সূতা জব্দ, ব্যবসায়ি আটক

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে প্রায় ৫ কোটি টাকা মূল্যের বন্ড সুবিধায় আমদানি করা ভ্যাট বিহীন ৮০ কাউন্টের সুতা আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। শনিবার ( ৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পুরিন্দা এলাকার হাজী আব্দুস সালাম মার্কেটের একটি গুদাম থেকে প্রায় ৪০০ বস্তা সুতা উদ্ধার করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নরসিংদীর মাধবদী এলাকায় মডার্ন টেক্সটাইলে পাঠানো একটি নসিমন গাড়ি থেকে প্রথমে বন্ডের কিছু সুতা আটক করা হয়। ওই ঘটনার সূত্র ধরে আড়াইহাজারের পুরিন্দা এলাকার জাহাঙ্গীর এন্ড ব্রাদার্স নামে ওই গুদামের সন্ধান পায় কাস্টমস কর্তৃপক্ষ। পরে সেখানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সুতা উদ্ধার ও গুদাম মালিক জাহাঙ্গীর (৫৫) কে করা হয়। আটক করা সুতার আনুমানিক মূল্য ৪ থেকে ৫ কোটি টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

আটক করা সুতার কার্টনে CHINA ORIGIN এবং CM80S/1-এর মতো পণ্যের পরিচিতি দেখা গেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, রপ্তানিমুখী পোশাকশিল্পের কারখানার জন্য সরকারি শুল্ক-কর সুবিধায় আমদানি করা এসব বন্ডের সুতা নির্ধারিত ব্যবহারের বাইরে স্থানীয় বাজারে বিক্রি করা নিষিদ্ধ।

অভিযোগ রয়েছে, শুল্ক-সুবিধায় আমদানি করা এসব সুতা খোলাবাজারে বিক্রি করে অধিক মুনাফা করার উদ্দেশ্যে মজুত করা হয়েছিল।

এ ঘটনায় বন্ড সুবিধার সম্ভাব্য অপব্যবহারের বিষয়টি সামনে এসেছে বলে মনে করছেন শিল্পসংশ্লিষ্টরা। তাঁদের মতে, বন্ড সুবিধার আওতায় আমদানি করা কাঁচামাল নির্ধারিত রপ্তানিমুখী উৎপাদনে ব্যবহার না করে স্থানীয় বাজারে বিক্রি করা হলে একদিকে সরকারের রাজস্ব ক্ষতির ঝুঁকি তৈরি হয়, অন্যদিকে শুল্ক-কর পরিশোধ করে কাঁচামাল আমদানি করা দেশীয় শিল্প অসম প্রতিযোগিতার মুখে পড়ে।

বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশন (বিটিএমএ)-এর সভাপতি শওকত আজিজ বাদল বলেন, নরসিংদী ও নারায়ণগঞ্জে আটক সুতার বিষয়ে পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে প্রকৃত আমদানিকারক, সরবরাহকারী এবং বন্ড সুবিধার আওতায় পণ্য খালাস ও পরিবহনের পুরো প্রক্রিয়া অনুসরণ করা হলে বন্ড ব্যবস্থার সম্ভাব্য অপব্যবহারের প্রকৃত চিত্র বেরিয়ে আসতে পারে।

তিনি আরও বলেন, শুধু পণ্য আটক করাই যথেষ্ট নয়। পণ্যটি কার নামে আমদানি হয়েছে, কোন প্রতিষ্ঠানের বন্ড লাইসেন্সের আওতায় এসেছে এবং কীভাবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বাইরে পণ্যটি চলে গেল, তা তদন্ত করে দেখা প্রয়োজন।

সংশ্লিষ্টরা বলছেন, বন্ড সুবিধার অপব্যবহার রোধে আমদানি থেকে শুরু করে পণ্য খালাস, পরিবহন, কারখানায় ব্যবহার এবং উৎপাদিত পণ্যের রপ্তানি পর্যন্ত প্রতিটি ধাপে নজরদারি জোরদার করা প্রয়োজন। তা না হলে সরকারি রাজস্ব ক্ষতির পাশাপাশি বৈধভাবে ব্যবসা করা শিল্পপ্রতিষ্ঠানগুলোও ক্ষতির মুখে পড়তে পারে।

আড়াইহাজার থানার ওসি মো. সবজেল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটককৃত সূতা ও ব্যাক্তি পুলিশের জিম্মায় আছে। বিটিএমএ এর সিদ্ধান্ত অনুযায়ি পরবর্র্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
Share: