তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগর থানা পুলিশের অভিযানে ৮টি ডাকাতি মামলার পরোয়ানাভুক্ত ও একটি সাজাপ্রাপ্ত মামলার আসামি সফায়েত খান সানি (২৮) গ্রেপ্তার হয়েছেন।
গ্রেফতারকৃত সফায়েত খান সানি রাজনগর উপজেলার সালন গ্রামের মৃত উসমান খানের ছেলে।
গত মঙ্গলবার (৪ঠা আগস্ট) সকালে রাজনগর থানার এসআই তাপস বণিক, এএসআই নৃপেশ চন্দ্র দেব ও সঙ্গীয় ফোর্স চট্টগ্রামের আকবর শাহ থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।
তিনি জিআর-২৮৭/২০১৮ (রাজ.) মামলায় ১ বছর সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত। এছাড়া তার বিরুদ্ধে আরও ৮টি ডাকাতি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে জানান রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন আহমেদ ভূঁইয়া।
