ভিসা বাতিল হওয়া ৯৮৫ জন প্রবাসীর তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয় ও আমিরাতের কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছে দূতাবাস

সংযুক্ত আরব আমিরাতে ছুটি কাটাতে দেশে এসে স্বয়ংক্রিয়ভাবে ভিসা বাতিলের শিকার হওয়া প্রবাসীদের আইনি ও কূটনৈতিক সহযোগিতায় পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ সরকার। সোশ্যাল মিডিয়া ও গণমাধ্যমে প্রবাসীদের টানা দাবির পর গঠিত জরুরি ব্যবস্থার অংশ হিসেবে পাওয়া আড়াই হাজার আবেদনের মধ্য থেকে প্রাথমিকভাবে ৯৮৫ জন প্রবাসীর সঠিক তথ্য যাচাই-বাছাই করে পররাষ্ট্র মন্ত্রণালয় ও আমিরাতের কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

​আরব আমিরাত থেকে ছুটিতে দেশে আসার পর সম্প্রতি বেশকিছু প্রবাসীর ভিসা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাওয়ার ঘটনা ঘটে। এতে অনেক প্রবাসী নির্দিষ্ট সময়ে কর্মস্থলে ফেরা নিয়ে অনিশ্চয়তায় পড়েন। পরিস্থিতির দ্রুত সমাধানের জন্য ভুক্তভোগী প্রবাসীরা বাংলাদেশ সরকারের জরুরি হস্তক্ষেপ জানিয়ে আসছিলেন।

​প্রবাসীদের এই ভোগান্তি দূর করতে গত ৩১ জুলাই একটি যৌথ পদক্ষেপ নেয় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাস। ক্ষতিগ্রস্তদের সুনির্দিষ্ট তথ্য সংগ্রহের উদ্দেশ্যে তাদের পক্ষ থেকে একটি বিশেষ হটলাইন নম্বর এবং ইমেইল ঠিকানা চালু করা হয়।

​আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাস থেকে প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুযায়ী, হটলাইন ও ইমেইলের মাধ্যমে ইতোমধ্যে প্রায় ২,৫০০ (আড়াই হাজার) ভুক্তভোগী প্রবাসী তাদের তথ্যাদি জমা দিয়েছেন। প্রাপ্ত এসব আবেদন থেকে নিবিড়ভাবে যাচাই-বাছাই করে প্রাথমিকভাবে ৯৮৫ জন প্রবাসীর তথ্যের একটি নির্ভুল তালিকা পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে।

​পররাষ্ট্র মন্ত্রণালয় এই তালিকার ভিত্তিতে সংযুক্ত আরব আমিরাত সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা শুরু করবে। দ্রুত সময়ের মধ্যে এসব প্রবাসীর ভিসা সংক্রান্ত জটিলতা নিরসন করে তাদের কর্মস্থলে ফেরার সুযোগ নিশ্চিত করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে দূতাবাস সূত্রে নিশ্চিত করা হয়েছে।

Facebook Comments Box
Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *