মাদক ব্যবসায়ীকে টাকা পাঠিয়ে বিপাকে: দুবাইয়ে ব্যক্তির ব্যাংক লেনদেনে নিষেধাজ্ঞা

দুবাই ডেস্ক: মাদক কেনাবেচার অভিযোগে এক ব্যক্তিকে জেল-জরিমানার পাশাপাশি ব্যাংক লেনদেনের ওপর কঠোর নিষেধাজ্ঞা দিয়েছেন দুবাইয়ের একটি আদালত। মাদক ব্যবসায়ীর অ্যাকাউন্টে অর্থ স্থানান্তর করার প্রমাণ পাওয়ায় আদালত এই রায় প্রদান করেন।

আদালতের নথিপত্র অনুযায়ী, ওই ব্যক্তি মাদক সেবনের উদ্দেশ্যে একজন আন্তর্জাতিক মাদক ব্যবসায়ীর অ্যাকাউন্টে অর্থ পাঠিয়েছিলেন। পুলিশি তদন্তে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি এবং তার এক সহযোগী মিলে হেরোইন কেনার জন্য যথাক্রমে ২,০০০ দিরহাম ও ৯০০ দিরহাম বিদেশে অবস্থানরত মাদক ব্যবসায়ীদের অ্যাকাউন্টে জমা দেন।

টাকা পাওয়ার পর মাদক ব্যবসায়ীরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে একটি লোকেশন পাঠান। সেই লোকেশন অনুযায়ী মরুভূমির একটি নির্দিষ্ট স্থানে বালুর নিচে মাদক লুকিয়ে রাখা হয়েছিল। পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করে এবং তাদের কাছ থেকে হেরোইন ভর্তি প্লাস্টিকের ব্যাগ উদ্ধার করে।

দুবাইয়ের মিসডিমিনর কোর্ট (Misdemeanours Court) অভিযুক্তদের দোষী সাব্যস্ত করে ১০,০০০ দিরহাম করে জরিমানা করেন। পাশাপাশি, আগামী দুই বছরের জন্য কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি ছাড়া যেকোনো ধরনের ব্যাংক ট্রান্সফার বা অর্থ লেনদেনের ওপর তাদের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

গ্রেফতারের পর অভিযুক্তদের ডোপ টেস্ট বা স্বাস্থ্য পরীক্ষা করা হলে তাদের শরীরে মাদকদ্রব্যের উপস্থিতি পাওয়া যায়। এরপরই তাদের পাবলিক প্রসিকিউশনের কাছে হস্তান্তর করা হয়।

সংযুক্ত আরব আমিরাতের আইন অনুযায়ী, মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হয়। এই রায়ের মাধ্যমে আদালত স্পষ্ট বার্তা দিয়েছে যে, সরাসরি মাদক সেবন ছাড়াও মাদক ব্যবসায়ীদের যেকোনো ধরনের আর্থিক সহায়তা বা লেনদেনও গুরুতর অপরাধ হিসেবে গণ্য হবে।

সুত্রঃ খালিজ টাইমস

Facebook Comments Box
Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *