বিএনপি ও জামায়াতের শীর্ষ নেতারা জুলাই অনুষ্ঠান বর্জন করেছেন

আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি: সাতক্ষীরায় জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জেলা প্রশাসন আয়োজিত সংবর্ধনা ও আলোচনা সভায় রাজনৈতিক নেতাদের উপেক্ষার অভিযোগ উঠেছে।

শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানী বিতরণ অনুষ্ঠানে আমন্ত্রিত বিএনপি ও জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের মঞ্চে না ডাকায় ক্ষোভ ছড়িয়ে পড়ে। এর প্রতিবাদে দলীয় নেতাকর্মীদের নিয়ে নেতারা অনুষ্ঠানস্থল ত্যাগ করলেও বিষয়টি অস্বীকার করেছে জেলা প্রশাসন।

বুধবার (৫ আগস্ট) দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ কর্মসূচির আয়োজন করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান আলোচনা সভা শেষে শহীদ পরিবার ও আহতদের মাঝে সম্মানী বিতরণের সময় জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ ও পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম মঞ্চে অবস্থান করেন।

তবে অনুষ্ঠানে উপস্থিত সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব জেলা বিএনপির আহ্বায়ক রাহমাতুল্লাহ পলাশ সদস্য সচিব আবু জাহিদ ডাবলু জেলা জামায়াতের আমির শহীদুল ইসলাম মুকুল ও সেক্রেটারি মাওলানা আজিজুর রহমানসহ রাজনৈতিক নেতাদের কাউকেই সম্মানী বিতরণের সময় মঞ্চে আহ্বান করা হয়নি।

এতে ক্ষুব্ধ হয়ে বিএনপি ও জামায়াত নেতারা নেতাকর্মীদের নিয়ে অনুষ্ঠান বর্জন করে বেরিয়ে যান। জেলা জামায়াতের আমির শহীদুল ইসলাম মুকুল বলেন রাজনৈতিক নেতৃত্বকে এভাবে মঞ্চে না ডেকে অসম্মান করা হয়েছে তাই আমরা প্রতিবাদ জানিয়ে চলে আসি। একই কথা জানান জেলা বিএনপির আহ্বায়ক রাহমাতুল্লাহ পলাশ।

তবে জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ নেতাদের অনুষ্ঠান বর্জনের দাবি নাকচ করে বলেন রাজনৈতিক নেতারা শেষ পর্যন্ত উপস্থিত ছিলেন। প্রটোকল অনুযায়ী আমি ও পুলিশ সুপার শহীদ পরিবারের সদস্যদের এবং অন্যান্য কর্মকর্তারা আহতদের মাঝে সম্মানী তুলে দিয়েছি।

উল্লেখ্য অনুষ্ঠানে চারটি শহীদ পরিবারকে ১ হাজার ৫০০ টাকা এবং ৯৭ জন আহতকে ৫০০ টাকা করে মোট ১০১ জনের মধ্যে প্রাইজ বন্ড বিতরণ করা হয়।

জেলা প্রশাসন ও রাজনৈতিক দলগুলোর পাল্টাপাল্টি অবস্থানে এ নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা সমালোচনা চলছে।

Facebook Comments Box
Share: