টিকিট সিন্ডিকেট দমনে সরকারের ‘জিরো টলারেন্স’

আইএটিএর সঙ্গে বৈঠকে বিমান ও পর্যটন খাতের উন্নয়নে কারিগরি সহযোগিতা নিয়ে আলোচনা

ঢাকা: আকাশপথে যাত্রী ভোগান্তি দূর করা, এয়ারলাইন টিকিটের কৃত্রিম সংকট ও সিন্ডিকেট সম্পূর্ণ নির্মূলে কঠোর অবস্থান নিয়েছে সরকার। বিমান খাতে যেকোনো ধরনের অনিয়মের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে বলে জানিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

এ লক্ষ্যে বুধবার বাংলাদেশ সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন (আইএটিএ)-এর আঞ্চলিক ভাইস প্রেসিডেন্ট শেজডন হি। বৈঠকে বিমান ও পর্যটন খাতের উন্নয়ন, যাত্রীসেবা বৃদ্ধি এবং কারিগরি সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে টিকিট সিন্ডিকেট দমনে সরকারের গৃহীত কার্যক্রমকে আরও কার্যকর করতে আইএটিএ কারিগরি সহায়তা প্রদানের আগ্রহ প্রকাশ করে। পাশাপাশি বাংলাদেশ এয়ারলাইন্স টেকনিক্যাল সেন্টার (বিএটিসি)-কে আন্তর্জাতিক মানের আধুনিক প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে প্রয়োজনীয় প্রযুক্তিগত সহযোগিতা দেওয়ার বিষয়েও আলোচনা হয়।

এছাড়া পরিবেশবান্ধব বিমান চলাচল নিশ্চিত করতে বেসামরিক বিমান চলাচল অধ্যাদেশে কার্বন নিঃসরণ হ্রাস-সংক্রান্ত পৃথক ধারা সংযোজন এবং সাসটেইনেবল এভিয়েশন ফুয়েল (এসএএফ) ব্যবহারের উদ্যোগ নিয়েও মতবিনিময় করা হয়।

বৈঠকে আকাশপথে অপরাধ প্রতিরোধ, যাত্রী ও বিমান নিরাপত্তা জোরদার করতে ‘মন্ট্রিল প্রোটোকল-২০১৪’ গ্রহণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

মন্ত্রণালয় জানিয়েছে, আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় জোরদারের মাধ্যমে দেশের বিমান খাতকে আরও আধুনিক, নিরাপদ ও যাত্রীবান্ধব করে তুলতে সরকার কাজ করে যাচ্ছে।

Facebook Comments Box
Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *