আজিজুর রহমান দুলাল: ফরিদপুরের আলফাডাঙ্গায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ৫৩তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬। বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ খেলার মাঠে আয়োজিত এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উপজেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের তরুণ ক্রীড়াবিদদের অংশগ্রহণে পুরো মাঠ মুখরিত হয়ে ওঠে। খেলায় দাবা, কাবাডি, সাঁতার ও হ্যান্ডবলসহ নানা ধরনের ইভেন্ট অন্তর্ভুক্ত ছিল। প্রতিযোগিতাটিকে কেন্দ্র করে শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকদের মাঝে ব্যাপক উদ্দীপনা ও আনন্দের আমেজ লক্ষ করা যায়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) এ.কে.এম. রায়হানুর রহমান। তিনি সংক্ষিপ্ত বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে নিয়মিত খেলাধুলায় অংশ নেওয়া জরুরি। এটি কেবল শারীরিক ও মানসিক বিকাশই ঘটায় না, বরং জীবন গঠনে শৃঙ্খলা, নেতৃত্ব এবং পারস্পরিক সহমর্মিতা শেখায়।”
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের ভেতরের সুপ্ত প্রতিভা বিকাশ ও ক্রীড়ামুখী করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। উপজেলা পর্যায়ের বিভিন্ন ইভেন্টে যারা বিজয়ী ও সেরা পারফর্মার নির্বাচিত হবে, তারা পরবর্তীতে জেলা ও আঞ্চলিক পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে।
