আলফাডাঙ্গায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, সংবাদ সম্মেলনে বিএনপি নেতাকৃষি অফিসের তালিকায় প্রথম হয়েও ডিলারশিপ পাননি আহমেদ সিকদার
আজিজুর রহমান দুলাল, আলফাডাঙ্গা (ফরিদপুর): ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নে সার ডিলার নিয়োগে অনিয়ম, রাজনৈতিক প্রভাব এবং যোগ্য প্রার্থীকে বঞ্চিত করার অভিযোগ উঠেছে। উপজেলা কৃষি অফিসের প্রস্তুত করা তালিকায় প্রথম অবস্থানে থেকেও সার ডিলারশিপ না পাওয়ার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন আহমেদ সিকদার নামে এক ব্যবসায়ী ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আহমেদ সিকদার বলেন, তিনি দীর্ঘ ৩৫ বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। বর্তমানে তিনি আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এর আগে উপজেলা ছাত্রদলের সভাপতি, উপজেলা যুবদলের আহ্বায়ক, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তিনি বলেন, বুড়াইচ ইউনিয়নের সার ডিলারশিপ পাওয়ার জন্য সরকারি বিধি-বিধান অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র, নিজস্ব গুদামঘরসহ নির্ধারিত সব শর্ত পূরণ করে যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন করেন। উপজেলা কৃষি অফিসের প্রস্তুত করা তালিকায় তাঁর নাম প্রথম স্থানে থাকলেও শেষ পর্যন্ত তাঁকে ডিলারশিপ দেওয়া হয়নি।
আহমেদ সিকদারের অভিযোগ, তাঁকে বঞ্চিত করে রাজনৈতিকভাবে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত বলে পরিচিত একজন ব্যক্তিকে ওই ডিলারশিপ দেওয়া হয়েছে। তাঁর দাবি, সার ডিলার নিয়োগের ক্ষেত্রে নিজস্ব পর্যাপ্ত গুদামঘর, মূল সড়কের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং সার পরিবহনের উপযুক্ত ব্যবস্থা থাকা গুরুত্বপূর্ণ শর্ত। কিন্তু যাঁকে ডিলারশিপ দেওয়া হয়েছে, তাঁর পর্যাপ্ত নিজস্ব গুদামঘর নেই। গুদাম হিসেবে ব্যবহৃত স্থাপনাটি একটি সাধারণ টিনশেড ঘর এবং সেটি মূল সড়ক থেকে ভেতরে হওয়ায় মালামাল পরিবহনে অসুবিধা রয়েছে।
অন্যদিকে নিজের গুদামঘরের বিবরণ তুলে ধরে তিনি বলেন, তাঁর দুইতলা ভবনের নিচতলা ও দোতলার অর্ধেক অংশ গোডাউন হিসেবে ব্যবহারের উপযোগী। গুদামটি মূল সড়কের পাশে অবস্থিত হওয়ায় সার সংরক্ষণ, পরিবহন ও মালামাল ওঠানামার পর্যাপ্ত সুবিধা রয়েছে।
সংবাদ সম্মেলনে তিনি প্রশ্ন তুলে বলেন, উপজেলা কৃষি অফিসের তালিকায় প্রথম স্থানে থেকেও কেন তাঁকে ডিলারশিপ থেকে বঞ্চিত করা হলো? সরকারি নিয়মনীতি ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেওয়া হলে তাঁর আবেদন কেন উপেক্ষা করা হয়েছে? এ সিদ্ধান্তের পেছনে কোনো রাজনৈতিক প্রভাব বা অনিয়ম রয়েছে কি না, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খতিয়ে দেখার দাবি জানান তিনি।
আহমেদ সিকদার আরও বলেন, তিনি কোনো বিশেষ রাজনৈতিক সুবিধা চান না। সরকারি বিধি-বিধান অনুযায়ী ন্যায়বিচার ও নিজের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে চান। সার ডিলার নিয়োগের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে রাজনৈতিক প্রভাব, স্বজনপ্রীতি কিংবা অনিয়মের সুযোগ থাকা উচিত নয়।
এ বিষয়ে আলফাডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহা বলেন,সার ডিলার নিয়োগ নীতিমালা অনুযায়ী, উপজেলা কমিটি তদন্তের মাধ্যমে প্রতিটি ইউনিয়ন থেকে তিনজন যোগ্য আবেদনকারীর নাম সুপারিশ করে জেলা কমিটির কাছে পাঠায়। পরবর্তী সময়ে জেলা কমিটি অধিকতর যাচাই-বাছাই শেষে সুপারিশকৃত আবেদনকারীদের নাম কৃষি মন্ত্রণালয়ে প্রেরণ করে। এরপর কৃষি মন্ত্রণালয় চূড়ান্তভাবে সার ডিলার নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করে।
সংবাদ সম্মেলনে আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি ছাড়াও দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

