আলফাডাঙ্গায় দিনব্যাপী উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর উদ্বোধন
আজিজুর রহমান দুলাল: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় দিনব্যাপী বিভিন্ন সরকারি দপ্তর ও উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন করেছেন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম। একই দিনে তিনি উপজেলা পর্যায়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন।
সোমবার (১৬ নভেম্বর) দুপুর ১টা ১৫ মিনিটে আলফাডাঙ্গা উপজেলায় পৌঁছে তিনি এই দিনব্যাপী ব্যস্ত কর্মসূচি শুরু করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সফরের শুরুতে জেলা প্রশাসক উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কার্যালয় পরিদর্শন করেন। এরপর তিনি পর্যায়ক্রমে আলফাডাঙ্গা পৌরসভা, আলফাডাঙ্গা থানা, একটি শিক্ষাপ্রতিষ্ঠান, একটি আশ্রয়ণ প্রকল্প এবং একটি কমিউনিটি ক্লিনিক ঘুরে দেখেন। এ সময় তিনি উপজেলার চলমান বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতিও সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

এর আগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ক্রীড়া পরিদপ্তরের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর উপজেলা পর্যায়ের খেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌর প্রশাসক মো. জোবায়ের হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মাজহারুল ইসলাম।
পরিদর্শন ও উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আসজাদ হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রাহানুর রহমান, আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি)সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সফরের সূচি অনুযায়ী, সন্ধ্যা ৭টা পর্যন্ত বিভিন্ন দাপ্তরিক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন শেষে জেলা প্রশাসকের আলফাডাঙ্গায় রাত্রিযাপনের কথা রয়েছে।

