সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উদ্যোগে মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ৩০শে মে (শনিবার) দুবাইয়ের স্থানীয় একটি রেস্তোরাঁয় এই স্মরণ সভা ও দোয়ার আয়োজন করা হয়।
আমিরাত বিএনপি নেতা ও দুবাই বিএনপির আহ্বায়ক আলহাজ্ব রফিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন ইউএই বিএনপির সদস্য প্রকৌশলী জাহাঙ্গীর আলম রূপু ও শামছুন নাহার স্বপ্না। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন ইউএই বিএনপির অন্যতম নেতা মজিবুল হক মঞ্জু।
অনুষ্ঠানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, দূরদর্শী নেতৃত্ব এবং দেশের মানুষের কল্যাণে তাঁর অসামান্য অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করে বক্তব্য রাখেন বিএনপি নেতা শহীদুল ইসলাম, নীল রতন দাস, শাহাদাত হোসেন সুমন, দুবাই বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন কন্ট্রাক্টর, যুবদল নেতা আহাদুজ্জামান, শরাফতুল্লাহ সবুজ, আলিনুর, মোমেন আরা রানু চৌধুরী এবং পাপ্পু খান।
আলোচনা সভায় বক্তারা শহীদ জিয়ার আদর্শ ও দর্শনকে ধারণ করে প্রবাসে দলের হাতকে শক্তিশালী করার এবং দেশের চলমান সংকট মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
উক্ত দোয়া মাহফিলে ইউএই বিএনপি, যুবদল ও মহিলা দলের বিপুল সংখ্যক নেতাকর্মীসহ সাধারণ প্রবাসী বাংলাদেশিরা শরিক হন। অনুষ্ঠান শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা এবং দেশের সার্বিক কল্যাণ, শান্তি ও অগ্রগতি সুনিশ্চিত করতে বিশেষ মোনাজাত ও দোয়া করা হয়।
