আমিরাতে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের প্রতিষ্টাবার্ষিকী উদযাপন

সংযুক্ত আরব আমিরাতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ’ এর ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। গত শুক্রবার (৮ মে) দেশটির একটি স্থানীয় হলরুমে “বর্তমান সরকারের নিকট প্রায় ২ কোটি প্রবাসীর প্রত্যাশা” শীর্ষক আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে দিবসটি পালন করা হয়।

অনুষ্ঠানে প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট ১০ দফা দাবি উত্থাপন করে সংগঠনের নেতৃবৃন্দ। তাদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে জাতীয় সংসদে প্রবাসীদের জন্য সংরক্ষিত আসন ব্যবস্থা করা, বিমানবন্দরে প্রবাসী হয়রানি ও টিকিট সিন্ডিকেট বন্ধ করা, অসহায় প্রবাসীদের মরদেহ সরকারি খরচে দেশে নেওয়া এবং বিদেশে কর্মী পাঠানোর ব্যয় কমানো।

সংযুক্ত আরব আমিরাত কার্যনির্বাহী পরিষদের সভাপতি মোঃ হালিম কাজীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফরহাদ গাজী ও যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন আকাশর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা আজিজ কাজল, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপদেষ্টা জুয়েল রানা।

বক্তারা বলেন, দেশের অর্থনীতিতে প্রবাসীরা বিশাল অবদান রাখলেও তারা বারবার নানাভাবে অবহেলার শিকার হচ্ছেন। বর্তমান সরকারের উচিত অতি দ্রুত প্রবাসীদের যৌক্তিক দাবিগুলো মেনে নিয়ে তাদের রেমিট্যান্স যোদ্ধা হিসেবে যথাযথ সম্মান প্রদান করা।

এসময় বক্তারা, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করায় সরকারকে ধন্যবাদ জানান৷

বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ-সভাপতি ইঞ্জিনিয়ার সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ছেলিম, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ আহমেদ, দপ্তর সম্পাদক রাসেল চৌধুরী রানা, প্রচার সম্পাদক হাসান সবুর এবং আবুধাবি শাখার সভাপতি আলাউদ্দিন আকনসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

আলোচনা সভার পাশাপাশি অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল পবিত্র কুরআন তেলাওয়াত, জাতীয় সংগীত পরিবেশন এবং প্রবাসীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। কবিতা ও গজলের মূর্ছনায় উপস্থিত প্রবাসীরা দেশীয় আমেজ খুঁজে পান। সবশেষে উপস্থিত অতিথিদের নিয়ে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Facebook Comments Box
Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *