বান্দরবানে জাতীয় সমবায় দিবস উদযাপন

বাসুদেব বিশ্বাস, বান্দরবান: “করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনে বান্দরবানে উদযাপিত হয়েছে ৫৫তম জাতীয় সমবায় দিবস।

রবিবার (৮ নভেম্বর) সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ও জেলা সমবায় বিভাগের আয়োজনে জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়।

পরে অডিটোরিয়ামে আলোচনা সভা, ঘূর্ণায়মান ঋণের চেক বিতরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু এমপি।

পার্বত্য জেলা পরিষদের সদস্য লুসাই মং এর সভাপতিত্বে এসময় জেলা প্রশাসক নাজনীন সুলতানা,অতিরিক্ত পুলিশ সুপার মো.ফরহাদ সরদার,পার্বত্য জেলা পরিষদের সদস্য ও সমবায় বিভাগের আহবায়ক ক্যউ প্রু খিয়াং, পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা মো.নজরুল ইসলাম, জেলা সমবায় কর্মকর্তা ফাতেমা বেগমসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং সমবায় সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

এসময় প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও সাধারণ মানুষের স্বাবলম্বিতা অর্জনে সমবায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমবায়ের মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি, কর্মসংস্থান বৃদ্ধি এবং মানুষের জীবনমান উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে। বিশেষ করে পার্বত্য অঞ্চলের মানুষের আর্থসামাজিক উন্নয়নে সমবায় কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে জেলার চারটি সমবায় সমিতির মাঝে মোট ৯ লাখ টাকার ঘূর্ণায়মান ঋণের চেক বিতরণ করা হয় এবং সমবায় খাতে বিশেষ অবদান রাখায় পাঁচটি সমবায় সংগঠনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

Facebook Comments Box
Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *