আলফাডাঙ্গা প্রেসক্লাবকে আধুনিক ও শক্তিশালী করতে নানা উদ্যোগ

নিজস্ব দ্বি-তল ভবন নির্মাণের কাজ শিগগিরই শুরু হবে

আজিজুর রহমান দুলাল: ফরিদপুরের আলফাডাঙ্গা প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন এবং পারস্পরিক ঐক্য ও সহযোগিতা জোরদারের লক্ষ্যে সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রেসক্লাবের অবকাঠামোগত উন্নয়ন, সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় প্রেসক্লাবের নিজস্ব দ্বি-তল ভবন নির্মাণের কাজ শিগগিরই শুরু করার পরিকল্পনার কথা জানান সভাপতি।

শনিবার (২৮ নভেম্বর) সকাল ১১টায় আলফাডাঙ্গা প্রেসক্লাবের নিজস্ব ভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আমিনুর রহমান আচ্চুর সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক তামিম আহমেদ মিলন। সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহসভাপতি তাজমিনুর রহমান তুহিন, কোষাধ্যক্ষ মোহাম্মদ আবুল বাশার, সাবেক সভাপতি সেকেন্দার আলম, সাবেক সহসভাপতি খান আসাদুজ্জামান টুনু, সাবেক সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান দুলালসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্য ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

সভায় প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, নিয়মিত সংবাদ পরিবেশনে উৎসাহিত করা এবং সাংবাদিকদের মধ্যে পারস্পরিক ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি আলফাডাঙ্গার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, জনদুর্ভোগ, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগব্যবস্থা, স্থানীয় সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো সংবাদমাধ্যমে যথাযথভাবে তুলে ধরার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় বক্তারা বলেন, সাংবাদিকতা শুধু সংবাদ সংগ্রহ ও প্রকাশের মধ্যে সীমাবদ্ধ নয়। সমাজের অনিয়ম-অসংগতি তুলে ধরা, সাধারণ মানুষের অধিকার ও প্রত্যাশার কথা প্রকাশ করা এবং এলাকার উন্নয়ন ও সম্ভাবনাকে সামনে নিয়ে আসা সাংবাদিকদের অন্যতম দায়িত্ব। এ দায়িত্ব পালনে সততা, পেশাদারত্ব, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতা বজায় রাখতে হবে। একই সঙ্গে সাংবাদিকদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, ঐক্য ও সহযোগিতার পরিবেশ গড়ে তোলাও জরুরি।

সাধারণ সম্পাদক তামিম আহমেদ মিলন বলেন, আলফাডাঙ্গা প্রেসক্লাব একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের সুনাম, মর্যাদা ও ঐতিহ্য ধরে রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। প্রেসক্লাবের প্রতিটি সদস্যের নিজ নিজ পেশাগত দায়িত্ববোধ থেকে নিয়মিত সংবাদ পরিবেশনে আরও মনোযোগী হওয়া প্রয়োজন। এলাকার সমস্যা, জনদুর্ভোগ, অনিয়ম-অসংগতি, উন্নয়ন ও সম্ভাবনার বিষয়গুলো বস্তুনিষ্ঠভাবে গণমাধ্যমে তুলে ধরতে হবে। এতে সাধারণ মানুষের প্রত্যাশা পূরণের পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়নেও গণমাধ্যম কার্যকর ভূমিকা রাখতে পারবে। এ জন্য তিনি সব সদস্যের আন্তরিক সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণ কামনা করেন।

সভাপতি সৈয়দ আমিনুর রহমান আচ্চু বলেন, আলফাডাঙ্গা প্রেসক্লাবকে একটি আধুনিক, সুসংগঠিত ও শক্তিশালী প্রতিষ্ঠানে পরিণত করতে তিনি কাজ করে যেতে চান। প্রেসক্লাবের অবকাঠামোগত উন্নয়নের অংশ হিসেবে শিগগিরই নিজস্ব দ্বি-তল ভবন নির্মাণের কাজ শুরু করা হবে। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, পারস্পরিক ঐক্য, সৌহার্দ্য ও সহযোগিতা বৃদ্ধির জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে এলাকার সমস্যা, সম্ভাবনা এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রেসক্লাবের উন্নয়ন ও অগ্রযাত্রায় তিনি সব সদস্যের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

সভায় প্রেসক্লাবের ভবিষ্যৎ সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয় এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Facebook Comments Box
Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *