আমিরাতে শিগগিরই শুরু হচ্ছে বাংলাদেশ প্রবাসী লীগ ফুটবল টুর্নামেন্ট সিজন-২

সংযুক্ত আরব আমিরাতে শিগগিরই শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রবাসী লীগ ফুটবল টুর্নামেন্ট সিজন-২। এ উপলক্ষে গতকাল রবিবার দুবাইয়ের রিভার লঞ্চ রেস্টুরেন্টে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় আয়োজক কমিটি মধ্যে মুহাম্মদ নওশের আলী, আব্দুল কালাম আজাদ, মীর মহিউদ্দিন, ইঞ্জিনিয়ার রাশেদুর রহমান, রেজাউল করিম, জাহিদ হাসান, ফারুক হাসান, কুতুব উদ্দিনসহ অন্যান্য সদস্যরা, বিভিন্ন দলের কোচ ও ম্যানেজার, সাংবাদিক এবং সংযুক্ত আরব আমিরাতে সক্রিয় ক্রীড়া সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এবারের প্রতিযোগিতায় অংশ নিচ্ছে আটটি দল, যাদের নামকরণ করা হয়েছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় আটটি নদীর নামে। জার্সির রং ও দলের নাম লটারির মাধ্যমে নির্ধারণ করা হয়েছে, যা টুর্নামেন্টকে বাংলাদেশের নদী ও সংস্কৃতির সঙ্গে যুক্ত করার একটি অনন্য উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। আয়োজকদের ভাষ্য অনুযায়ী, টুর্নামেন্টের মূল লক্ষ্য শুধুমাত্র খেলার আয়োজন নয়, বরং সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশি ফুটবলারদের প্রতিভা বিকাশ, দক্ষতা প্রদর্শন এবং ভবিষ্যতে বাংলাদেশের ক্লাব পর্যায়ে খেলার সুযোগ তৈরির ক্ষেত্র প্রস্তুত করা। আয়োজক কমিটি আশা প্রকাশ করেছে, প্রবাসী ফুটবলাররা যদি ধারাবাহিকভাবে এ লিগে অংশ নেয়, তাহলে তাদের পারফরম্যান্স মূল্যায়ন করে ভবিষ্যতে বাংলাদেশে বিভিন্ন ক্লাবের সঙ্গে যোগাযোগের পথ খুলে যেতে পারে।

পাশাপাশি, সংযুক্ত আরব আমিরাতের স্থানীয় ক্রীড়া সংগঠনগুলোর সঙ্গে বাংলাদেশের ক্রীড়া সংগঠনগুলোর সম্পর্ক আরও জোরদার করার, যৌথ সহযোগিতা বাড়ানোর, এবং খেলোয়াড়দের জন্য নতুন সুযোগ সৃষ্টির পরিকল্পনার কথাও আয়োজকরা জানিয়েছেন। তাদের প্রত্যাশা, সংশ্লিষ্ট সবার সহযোগিতায় বাংলাদেশ প্রবাসী লীগ সিজন-২ একটি সফল ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল প্রতিযোগিতা হিসেবে আত্মপ্রকাশ করবে, যা প্রবাসে বাংলাদেশি কমিউনিটির মধ্যে ক্রীড়াভিত্তিক ঐক্য ও সম্প্রীতি আরও শক্তিশালী করবে। কমিটি জানায়, এ টুর্নামেন্ট প্রবাসী ফুটবলারদের জন্য নতুন দিগন্ত তৈরি করবে এবং বাংলাদেশ ও আমিরাতের ক্রীড়াঙ্গনের মধ্যে সেতুবন্ধন সৃষ্টি করবে বলে তারা আশাবাদী।

Facebook Comments Box
Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *