পাহাড়ের শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বাড়াতে বান্দরবানে স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স
বাসুদেব বিশ্বাস, বান্দরবান : পার্বত্য জেলা বান্দরবানের শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা, ব্যাংকিং সেবা সম্পর্কে ধারণা দেওয়া এবং নিরাপদ ক্যাশলেস লেনদেনে উৎসাহিত করতে বান্দরবানে অনুষ্ঠিত হয়েছে স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স-২০২৬।
বৃহস্পতিবার (৫নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের আয়োজনে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি বান্দরবান শাখার সার্বিক সহযোগীতায় বান্দরবানের ক্ষদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের মিলনায়তনে সম্মেলনে শিক্ষার্থীদের আর্থিক অন্তর্ভুক্তি ও ডিজিটাল ব্যাংকিং সেবায় সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেন বক্তারা।
‘এক দেশ, এক কিউআর,লেনদেনে বাংলা কিউআর’। ‘আর্থিক স্বাক্ষরতায় সূচিত হোক নিরাপদ, ক্যাশলেস লেনদেন’এই প্রতিপাদ্যকে সামনে রেখে এই স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত হয়।
ইউসিবি ব্যাংকের বান্দরবান শাখার শাখা প্রধান ও ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ হানিফ চৌধুরী এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের পরিচালক মো.ইকবাল মহসীন।
এসময় আরো উপিস্থত ছিলেন বান্দরবান জেলা শিক্ষা কর্মকর্তা মো.জসিম উদ্দিন, ইউসিবি ব্যাংকের ঢাকা কার্যালয়ের উপ ব্যবস্থাপনা পরিচালক সুফিয়া আক্তার, সোনালী ব্যাংক বান্দরবান শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার রানা অমিতাভ দাশ গুপ্ত, কৃষি ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক মো:আবু রায়হান, ইউসিবি ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও আঞ্চলিক প্রধান মেহেদী হাসান চৌধুরীসহ বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপক, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও ব্যাংক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন,পাহাড়ের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে ব্যাংকিং সেবার আওতায় আনা এবং নতুন প্রজন্মের মধ্যে আর্থিক সচেতনতা তৈরি করা জরুরি। শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলার পাশাপাশি ব্যাংকিং কার্যক্রম ও ডিজিটাল লেনদেন সম্পর্কে ধারণা দিতে হবে। বক্তারা আরও বলেন, বাংলা কিউআরসহ আধুনিক ডিজিটাল লেনদেনব্যবস্থার ব্যবহার বাড়লে নগদ অর্থের ওপর নির্ভরতা কমবে। একই সঙ্গে লেনদেনে স্বচ্ছতা, নিরাপত্তা ও সময় সাশ্রয় নিশ্চিত করা সম্ভব হবে।
সভায় প্রধান অতিথি বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের পরিচালক মো.ইকবাল মহসীন বক্তব্য রাখতে গিয়ে ব্যাংক সর্ম্পকে বান্দরবানের ক্ষুদে শিক্ষার্থীদের ধারণা সর্ম্পকে প্রশংসা করেন এবং বলেন , আমাদের সবাইকে সাশ্রয়ী হতে হবে আর সঞ্চয়ী মনোভাব নিয়ে এগিয়ে যেতে হবে। ‘আর্থিক স্বাক্ষরতায় সূচিত হোক নিরাপদ, ক্যাশলেস লেনদেন’এই প্রতিপাদ্যকে সামনে রেখে আমাদের এগিয়ে যেতে হবে। এসময় প্রধান অতিথি আরো বলেন, প্রতিটি ব্যাংকই চাই গ্রাহকের সন্তুুষ্টি আর এই লক্ষ্যে ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীরা নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে। এসময় তিনি আরো বলেন, আমাদের দেশের আবহাওয়ার কারণে অনেক সময় টাকা দ্রুত নষ্ট হয়ে যায়, আর তাই আমরা ক্যাশলেস লেনদেন চালু করতে কাজ করছি। সবাই ক্যাশলেস লেনদেন চালু করলে সবার উপকার হবে এবং এক দেশ, এক কিউআর, লেনদেনে বাংলা কিউআর এই বাক্যটির স্বার্থকতা আসবে।
এসময় বাংলাদেশ ব্যাংক এর ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের উপপরিচালক মোহাম্মদ ইউছুফ আলী এর সঞ্চালনায় শিক্ষার্থীদের অংশগ্রহণে এক কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয় এবং কুইজ প্রতিযোগীতায় বিজয়ীদের আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়।

