সরকার নির্ধারিত দামে মিলছে না এলপিজি সিলিন্ডার, সরবরাহে ঘাটতি

ভোক্তা পর্যায়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলপিজি) ১২ কেজির সিলিন্ডারের দাম ১ হাজার ৮৩৭ টাকা থেকে ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করা হলেও বাজারে বিক্রি হচ্ছে বেশি দামে।

খুচরা পর্যায়ে বিক্রি হচ্ছে ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৩০০ টাকা। এছাড়া সরবরাহও কমে গেছে। বেশির ভাগ দোকানে বা ডিপোতে পড়ে আছে খালি সিলিন্ডার। বড় কোম্পানিগুলোর এলপিজি সিলিন্ডার সরবরাহ করছে না বলে জানান খুচরা ব্যবসায়ীরা। ডিলারদের কাছ থেকে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে কিনতে হয় বলে অভিযোগ তাদের। বিক্রিও নেমে এসেছে অর্ধেকে।

ব্যবসায়ীরা বলছেন, ‘সিলিন্ডারের দাম ঠিক রাখতে কোম্পানি ও ডিলার পর্যায়ে নজরদারি বাড়াতে হবে। খুচরা ব্যবসায়ীদের হয়রানি করে বাজার ঠিক করা যাবে না। ডিলাররা বাড়তি দাম নেয় কিন্তু ভাউচার দেয় না।’

এদিকে অনেক ডিলার বাড়তি দামের কারণে কোম্পানি থেকে সিলিন্ডার আনছেন না। বেশি দামে কিনে বেশি দামে বিক্রি করলে নানা হয়রানিতে পড়তে হয় তাদের।

সাব্বির এলপিজির ম্যানেজার সুব্রত দাস মিঠু জানান, কেনা দামই সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি পড়ে, যে কারণে তারা সিলিন্ডার আনা বন্ধ রেখেছেন। বিষয়টি সমাধান করা উচিত।

সিলিন্ডারের বাড়তি দাম ও সংকটের কারণে সবচেয়ে বেশি বেকায়দায় পড়েছেন ভোক্তারা। এ দুর্মূল্যের বাজারে বারবার সিলিন্ডারের দাম বৃদ্ধির ফলে ত্রাহি অবস্থা তাদের। তবে বাড়তি দামে সিলিন্ডার কিনতেও দোকানে দোকানে ঘুরতে হচ্ছে। সরবরাহ স্বাভাবিক না থাকায় মিলছে না সিলিন্ডার।

Facebook Comments Box
Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *