আলফাডাঙ্গা পল্লী বিদ্যুৎ আওতাধীন এলাকায় এক মাসে ১৬ ট্রান্সফরমার চুরি, আতঙ্কে গ্রাহকরা

আজিজুর রহমান দুলাল: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ও পার্শ্ববর্তী বোয়ালমারী উপজেলার কিছু অংশ নিয়ে গঠিত পল্লী বিদ্যুতের আওতাধীন এলাকায় ট্রান্সফরমার চুরির ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। গত নভেম্বর মাসে এসব এলাকা থেকে ১৬টি ট্রান্সফরমার চুরি হয়েছে। একের পর এক চুরির ঘটনায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়ার পাশাপাশি আর্থিক ক্ষতির মুখে পড়ছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। অন্যদিকে বিদ্যুৎ বিচ্ছিন্নতার ভোগান্তি ও চুরির আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েছেন গ্রাহকরা।

এ পরিস্থিতিতে ট্রান্সফরমার চুরি প্রতিরোধে গ্রাহকদের সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানিয়েছে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির আলফাডাঙ্গা সাব-জোনাল অফিস। বিশেষ করে কোনো এলাকায় হঠাৎ বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলে দ্রুত সংশ্লিষ্ট ট্রান্সফরমারের অবস্থান যাচাই করার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

পল্লী বিদ্যুৎ কার্যালয় সূত্রে জানা গেছে, শীত মৌসুমে বিদ্যুতের চাহিদা তুলনামূলক কম থাকায় সাধারণত লোডশেডিংয়ের ঘটনা কম ঘটে। এ কারণে কোনো এলাকায় হঠাৎ বিদ্যুৎ চলে গেলে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে সংশ্লিষ্ট ট্রান্সফরমারটি যথাস্থানে আছে কি না, তা সরেজমিনে যাচাই করতে বলা হয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার সুযোগ কাজে লাগিয়ে চোরচক্র ট্রান্সফরমার চুরি করতে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

পল্লী বিদ্যুতের ইঞ্জিনিয়ার মো. সিদ্দিকুর রহমান বলেন, ‘নভেম্বর মাসে আলফাডাঙ্গা ও বোয়ালমারীর কিছু অংশ নিয়ে পল্লী বিদ্যুতের আওতাধীন এলাকায় ১৬টি ট্রান্সফরমার চুরি হয়েছে। বিদ্যুৎ চলে যাওয়ার সঙ্গে সঙ্গে গ্রাহকদের নিজ নিজ এলাকার ট্রান্সফরমারের কাছে গিয়ে সেটি যথাস্থানে আছে কি না, তা যাচাই করার জন্য বলা হয়েছে। সবাই সচেতন হলে এ ধরনের চুরি প্রতিরোধে সহায়তা পাওয়া যাবে।’

আলফাডাঙ্গা পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম আশীষ কুমার রায় বলেন, ‘ট্রান্সফরমার চুরি প্রতিরোধে উপজেলার বিভিন্ন গ্রামে মাইকিং করে গ্রাহকদের সতর্ক করা হয়েছে। সবাইকে সজাগ থাকতে বলা হয়েছে। কোথাও সন্দেহজনক ব্যক্তির আনাগোনা কিংবা কোনো অস্বাভাবিক ঘটনা চোখে পড়লে দ্রুত পল্লী বিদ্যুৎ অফিসকে জানানোর অনুরোধ করা হয়েছে।’

সংশ্লিষ্টদের মতে, ট্রান্সফরমার চুরির ঘটনায় বিদ্যুৎ বিভাগের আর্থিক ক্ষতির পাশাপাশি সাধারণ গ্রাহকদের দুর্ভোগ বাড়ছে। একটি ট্রান্সফরমার চুরি হলে সেটি পুনঃস্থাপন না করা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের বিদ্যুৎ ব্যবহারে ভোগান্তি পোহাতে হয়। পাশাপাশি নতুন ট্রান্সফরমার স্থাপন ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতেও সময় ও অর্থ ব্যয় হয়।

এ অবস্থায় ট্রান্সফরমার চুরি প্রতিরোধে বিদ্যুৎ বিভাগের নজরদারি বাড়ানোর পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও গ্রাহকদের সম্মিলিতভাবে সচেতন হওয়ার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। বিদ্যুৎ সরবরাহ বন্ধ হওয়ার পরপরই ট্রান্সফরমারের অবস্থান যাচাই এবং এলাকায় অপরিচিত বা সন্দেহজনক ব্যক্তির চলাচল দেখা গেলে দ্রুত পল্লী বিদ্যুৎ অফিস ও পুলিশকে জানানোর আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

Facebook Comments Box
Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *