আড়াইহাজারে ১৯ বেসরকারি হাসপাতালের ১৫টির লাইসেন্স নবায়ন নেই, মাত্র ৪টি হালনাগাদ

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের লাইসেন্স ও নবায়ন নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। নারায়ণগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের সরবরাহ করা তালিকায় উপজেলায় ১৫টি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক এবং ৪টি প্যাথলজি বা ডায়াগনস্টিক প্রতিষ্ঠানকে লাইসেন্সধারী হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে তালিকায় থাকা একাধিক প্রতিষ্ঠানের সর্বশেষ লাইসেন্স নবায়নের বছর ২০২২-২৩, ২০২৩-২৪ ও ২০২৪-২৫ উল্লেখ রয়েছে।

এদিকে ২০২৬ সালের ২৬ অক্টোবর নারায়ণগঞ্জের সিভিল সার্জন কার্যালয় থেকে জারি করা এক নির্দেশনায় বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের লাইসেন্স গ্রহণ এবং মেয়াদোত্তীর্ণ লাইসেন্স নবায়ন ছাড়া কোনো বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ব্লাড ব্যাংক ও সংশ্লিষ্ট স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান পরিচালনা করা যাবে না।
নির্দেশনায় আরও বলা হয়েছে, এই আদেশ অমান্যকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রচলিত আইন ও বিধিবিধান অনুযায়ী কঠোর প্রশাসনিক ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী আড়াইহাজার উপজেলার যে সকল হাসপাতালের লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হয়েছে, এ টু জেড ডিজিটাল হাসপাতাল সর্বশেষ লাইসেন্স(২০২৩-২০২৪) আই হসপিটাল এন্ড ফ্যাকো সেন্টার(২০২০-২০২১), মা ও শিশু হসপিটাল (২০২১-২০২২), সেন্ট্রাল হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার (২০২৩-২০২৪), ফয়সাল হসপিটাল (২০২৩-২০২৪), হাজী আব্দুল মালেক প্রধান মর্ডান হাসপাতাল(২০২২-২০২৩), জনসেবা হাসপাতাল এন্ড ল্যাব (২০২২-২০২৩) নুরজাহান হাসপাতাল (২০২৩-২০২৪), পপুলেশন হেলথ রিসার্চ অ্যান্ড ট্রেনিং সোসাইটি ক্লিনিক (২০২৩-২০২৪), প্রবাসী হাসপাতাল(২০২৪-২০২৫), কনফিডেন্ট মেডিক্যাল সেন্টার (২০২৩-২০২৪) চিস্তিয়া সালিয়া মেডিকেল সার্ভিসেস(২০২২-২০২৩), ফিয়ার্স আই হাসপাতাল (২০২৪-২০২৫), পপুলার হসপিটাল এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার(২০২৫-২০২৬), তালিকার বাইরে আড়াইহাজার উপজেলা সদরে অবস্থিত প্রবাসী কল্যাণ হাসপাতালের কোনো লাইসেন্স বা অনুমোদনের তথ্য পাওয়া যায়নি বলে সংশ্লিষ্ট কার্যালয় সূত্রে জানা গেছে। হাসপাতালটি নিয়ে সম্প্রতি চিকিৎসায় অবহেলার অভিযোগও সামনে আসে। গত ৫ অক্টোবর সন্তান প্রসবের পর অতিরিক্ত রক্তক্ষরণে নারগিস আক্তার (৩৫) নামে এক প্রসূতির মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, সময়মতো প্রয়োজনীয় চিকিৎসা না পাওয়ায় তাঁর মৃত্যু হয়েছে। নিহতর পরিবারের সূত্রে জানা যায়, ৩ লক্ষ টাকার বিনিময়ে বিষয়টি ধামাচাপা দেয়া হয়।

আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) আরিফুল ইসলাম বলেন, ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পাওয়ার পর থেকে জেলা সিভিল সার্জন কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী বেসরকারি হাসপাতালগুলোর কার্যক্রমের নিয়মিত খোঁজখবর নিচ্ছি। প্রতিটি বেসরকারি হাসপাতাল পরিদর্শন করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হবে। স্বাস্থ্যসেবার মান বজায় রাখতে এবং সরকারি বিধিবিধান প্রতিপালনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হচ্ছে।

নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. এস এম সাখাওয়াত হোসেন বলেন, নারায়ণগঞ্জের সব বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে স্বাস্থ্য অধিদপ্তরের বিধি-বিধান মেনে পরিচালনা করতে হবে। কোনো প্রতিষ্ঠানের লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, প্রযোজ্য অনুমোদন কিংবা ফার্মেসির বৈধ ড্রাগ লাইসেন্স না থাকলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে পরিদর্শনের মাধ্যমে অনিয়ম শনাক্ত করে প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদের নির্দেশনা দেওয়া হচ্ছে। রোগীদের নিরাপত্তা ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। কাউকে হয়রানি নয়, তবে আইনবহির্ভূত কার্যক্রম পরিচালনার কোনো সুযোগ দেওয়া হবে না।

Facebook Comments Box
Share: