অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার

আজিজুর রহমান, আলফাডাঙ্গা (ফরিদপুর): ফরিদপুরের আলফাডাঙ্গা সদর বাজারে অগ্নিকাণ্ডসহ নানা দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। বাজারের অভ্যন্তরীণ সড়কগুলো সরু, অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে দোকানপাট, ফুটপাত দখল করে বসেছে অস্থায়ী ব্যবসাপ্রতিষ্ঠান। এর সঙ্গে যোগ হয়েছে বাজারের ভেতরে ভ্যানের অবাধ চলাচল এবং বিদ্যুৎ ব্যবস্থাপনার নানা সমস্যা। সব মিলিয়ে প্রতিদিনই ভোগান্তিতে পড়ছেন ব্যবসায়ী, ক্রেতা ও সাধারণ পথচারীরা। বিশেষ করে অগ্নিকাণ্ডের মতো বড় দুর্ঘটনা ঘটলে দ্রুত ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছানো নিয়েও তৈরি হয়েছে উদ্বেগ।

সম্প্রতি বাজারের ব্যবসায়ী ও দোকানদারদের অগ্নিকাণ্ড মোকাবিলায় সচেতন করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হয়। এতে আগুন লাগার প্রাথমিক পর্যায়ে করণীয়, অগ্নিনির্বাপণ যন্ত্রের ব্যবহার, আগুন নিয়ন্ত্রণের কৌশল এবং নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

প্রশিক্ষণ দিতে এসে ফায়ার সার্ভিসের কর্মীরা বাজারের অভ্যন্তরীণ সড়ক ও দোকানপাটের অব্যবস্থাপনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তাঁদের মতে, বাজারের সরু রাস্তা এবং অপরিকল্পিত দোকানপাটের কারণে অগ্নিকাণ্ডের সময় দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো কঠিন হতে পারে। ফায়ার সার্ভিসের গাড়ি ও প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে প্রবেশে বাধা সৃষ্টি হলে আগুন নিয়ন্ত্রণে বিলম্ব হতে পারে। এতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।

বাজার ঘুরে দেখা যায়, বিভিন্ন স্থানে দোকানের সামনে মালামাল রাখা, ফুটপাত দখল করে অস্থায়ী দোকান বসানো এবং ভ্যান চলাচলের কারণে স্বাভাবিক চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। কোথাও কোথাও দোকানপাটের বিস্তৃতি ও মালামাল রাখার কারণে রাস্তা আরও সংকুচিত হয়ে পড়েছে। এতে ব্যস্ত সময়ে যানজট ও পথচারীদের ভোগান্তি তৈরি হচ্ছে। পাশাপাশি জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্স কিংবা ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশের ক্ষেত্রেও প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে।

বাজারের আরেকটি গুরুত্বপূর্ণ সমস্যা বিদ্যুৎ ব্যবস্থাপনা। ব্যবসাপ্রতিষ্ঠানে বিদ্যুতের ব্যবহার ও সংযোগের নিরাপত্তা নিশ্চিত করা না গেলে অগ্নিকাণ্ডের ঝুঁকি আরও বাড়তে পারে। বিশেষ করে কাপড়, মুদি ও হার্ডওয়্যারসহ বিভিন্ন দোকানে বিপুল পরিমাণ মালামাল মজুত থাকে। ফলে কোনো একটি দোকানে আগুন লাগলে তা আশপাশের দোকানেও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

বাজার কমিটির আহ্বায়ক স্বপন কুমার কুন্ডুর সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা ব্যবসায়ী ও কর্মচারীদের নিয়ে এ প্রশিক্ষণের আয়োজন করেন। বাজার কমিটির সদস্য সচিব হারুনুর রশীদ বলেন, “বাজারের ব্যবসায়ী ও দোকানদারদের অগ্নিকাণ্ডের ঝুঁকি সম্পর্কে সচেতন করতেই ফায়ার সার্ভিসের এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে ব্যবসায়ীরা আগুন লাগলে প্রাথমিকভাবে কীভাবে পরিস্থিতি মোকাবিলা করতে হবে, সে বিষয়ে বাস্তব ধারণা পেয়েছেন। বাজারের ভেতরের রাস্তা ও অপরিকল্পিত দোকানপাট নিয়ে ফায়ার সার্ভিস যে সতর্কবার্তা দিয়েছে, তা আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। এ অব্যবস্থাপনার বিষয়টি বারবার স্থানীয় প্রশাসনকে অবহিত করা হলেও কার্যকর গুরুত্ব দেওয়া হয়নি। ফলে আহ্বায়ক কমিটি নিজ উদ্যোগে ফায়ার সার্ভিসকে এনে ব্যবসায়ীদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে বাধ্য হয়েছে। বাজারের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতা প্রয়োজন। আমরা বিদ্যুৎ ব্যবস্থাপনা, ফুটপাতের দোকান এবং বাজারের ভেতরে ভ্যান চলাচল নিয়েও কাজ করে যাচ্ছি।”

বাজারের কাপড় ব্যবসায়ী নিখিল বলেন, “বাজারে আগুন লাগলে মুহূর্তের মধ্যে বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে। বিশেষ করে কাপড়ের দোকানে আগুন লাগলে তা দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। প্রশিক্ষণের মাধ্যমে আগুন লাগার পর প্রাথমিকভাবে কীভাবে আগুন নেভাতে হবে এবং কীভাবে নিজেদের নিরাপদ রাখতে হবে, সে বিষয়ে অনেক কিছু জানতে পেরেছি। বাজারের সব ব্যবসায়ীর এ ধরনের প্রশিক্ষণ নেওয়া এবং অগ্নিনিরাপত্তার বিষয়ে সচেতন থাকা প্রয়োজন।”

ফায়ার সার্ভিসের দায়িত্বশীল কর্মকর্তা মো. আতিকুর রহমান বলেন, “বাজারের সরু রাস্তা, অপরিকল্পিত দোকানপাট ও বৈদ্যুতিক সংযোগের অব্যবস্থাপনা অগ্নিনিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ। আগুন লাগলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো এবং আগুন নিয়ন্ত্রণ করা কঠিন হতে পারে। তাই বাজারের রাস্তা চলাচলের উপযোগী রাখা, বৈদ্যুতিক সংযোগ পরীক্ষা করা এবং প্রতিটি দোকানে অগ্নিনির্বাপণ ব্যবস্থা রাখার বিষয়ে ব্যবসায়ীদের সচেতন হতে হবে।”

এ বিষয়ে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জোবায়ের হাবিব বলেন, “বাজারের রাস্তা দখল, ফুটপাতের অবৈধ স্থাপনা ও যান চলাচলের সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। বাজারের শৃঙ্খলা ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট ব্যবসায়ী ও বাজার কমিটির সঙ্গে আলোচনা করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।”

স্থানীয় ব্যবসায়ী ও সচেতন মহলের মতে, আলফাডাঙ্গা সদর বাজারের এসব সমস্যা দীর্ঘদিনের। শুধু অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ দিয়ে বাজারের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। এর পাশাপাশি বাজারের রাস্তা দখলমুক্ত রাখা, ফুটপাতের অবৈধ স্থাপনা সরানো, ভ্যান চলাচল নিয়ন্ত্রণ, বিদ্যুৎ সংযোগের নিরাপত্তা নিশ্চিত করা এবং অগ্নিনির্বাপণ সরঞ্জাম সহজলভ্য করা জরুরি।

তাঁদের দাবি, বাজারের সার্বিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে উপজেলা প্রশাসন, পৌর কর্তৃপক্ষ, বাজার কমিটি ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন। অন্যথায় বড় ধরনের অগ্নিকাণ্ড বা দুর্ঘটনা ঘটলে প্রাণহানি ও ব্যাপক সম্পদহানির আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। দুর্ঘটনার পর ব্যবস্থা নেওয়ার চেয়ে আগেই বাজারের সমস্যাগুলো চিহ্নিত করে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

Facebook Comments Box
Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *