বান্দরবানে গিরি গোবর্ধন পূজা ও অন্নকূট মহোৎসব উদযাপন

বাসুদেব বিশ্বাস, বান্দরবান: পার্বত্য জেলা বান্দরবানে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হলো গিরি গোবর্ধন পূজা ও অন্নকূট মহোৎসব।

আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) বান্দরবানের উদ্যোগে কালাঘাটাস্থ শ্রী শ্রী রাধা গিরিধারী মন্দির প্রাঙ্গণে দিনব্যাপী নানা ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে এই আয়োজন সুন্দরভাবে সম্পন্ন হয়।

গিরি গোবর্ধন পূজা ও অন্নকূট মহোৎসব উপলক্ষ্যে শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৮টায় ভগবান গিরিরাজ গোবর্ধন ও ভগবান জগন্নাথ দেবের রাজবেশ দর্শনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়, এরপরে সকাল সাড়ে ৮টায় শ্রীমদ্ভাগবত পাঠ, ৯টায় ভজন-কীর্তন এবং ১১টায় গোমাতার পূজা অনুষ্ঠিত হয়। দুপুর ১২টায় গিরিরাজ গোবর্ধনের পূজা, ভোগ আরতি ও কীর্তন, সাড়ে ১২টায় অন্নকূট দর্শন এবং বেলা ১টায় মহতী ধর্মসভা অনুষ্ঠিত হয়। পরে আগত ভক্তদের মধ্যে কৃষ্ণপ্রসাদ বিতরণ করা হয়।

ইসকন বান্দরবান মন্দিরের অধ্যক্ষ শ্রীপাদ অমল হরি গৌর দাস ব্রহ্মচারী এর সভাপতিত্বে এই উৎসবে বান্দরবান শ্রী শ্রী সার্বজনীন কেন্দ্রীয় দূর্গা মন্দিরের সাবেক সদস্য সচিব আনন্দ দাশ, সদস্য সবুজ দত্ত বাচ্চু,সনাতনী ধর্মানুরাগী বিমল দাশসহ ইসকনের বিভিন্ন সদস্য উপস্থিত থেকে গিরিরাজ গোবর্ধনের লীলামৃত বিষয়ে আলোচনা করেন এবং জগতের সকলের সুখ শান্তি প্রত্যাশায় প্রার্থনা করেন।

সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, দীপাবলির পর গোবর্ধন পূজার দিনে অন্নকূট উৎসব উদযাপিত হয়। অন্ন অর্থ ভাত বা খাদ্য এবং কূট অর্থ পাহাড়। এ উৎসবে নানা ধরনের সুস্বাদু খাবার পাহাড়ের আকৃতিতে সাজিয়ে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশে ভোগ নিবেদন করা হয়। শ্রীকৃষ্ণের গোবর্ধন পর্বত ধারণের লীলাকে স্মরণ করেই এই পূজার প্রচলন।

এদিকে গিরি গোবর্ধন পূজা ও অন্নকূট মহোৎসব উপলক্ষ্যে অসংখ্য ভক্তের মিলনমেলায় পরিণত হয় মন্দির প্রাঙ্গণ,আর এমন ধর্মীয় আয়োজনে উপস্থিত হতে পেরে কৃতজ্ঞতা ব্যক্ত করেন পূজারী ও ভক্তরা।

Facebook Comments Box
Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *