আপনারা এই কয়েক মাস আমার দায়িত্ব নিন, আমি ৫ বছর আপনাদের দায়িত্ব নেব ইনশাআল্লাহ – এস এম মোদাচ্ছের শাহ
উত্তর মাদার্শায় চেয়ারম্যান প্রার্থী এস এম মোদাচ্ছের শাহের সমর্থনে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ১০নং উত্তর মাদার্শা ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী এস এম মোদাচ্ছের শাহের সমর্থনে এক নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় ইউনিয়নের ২নং ওয়ার্ডের বদিউল আলম হাট এলাকায় রোসাঙ্গিয়াঘোনা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়।
মাওলানা মেহেদী হাসান নঈমের পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক নেতাকর্মী ও স্থানীয় ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন।
উঠান বৈঠকে উপস্থিত এলাকাবাসী আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এস এম মোদাচ্ছের শাহের প্রতি নিজেদের সমর্থন ও প্রত্যাশার কথা তুলে ধরেন। এ সময় এলাকার বিদ্যমান সমস্যা, নাগরিক সুযোগ-সুবিধা, উন্নয়ন পরিকল্পনা এবং ইউনিয়নের সার্বিক অগ্রগতি নিয়ে আলোচনা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী এস এম মোদাচ্ছের শাহ বলেন,
“শহরে আমার কোনো বাড়ি নেই, বাসাও নেই। আমি নির্বাচিত হলে এলাকায় থেকেই পাঁচ বছর ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনা করব। ইউনিয়ন পরিষদের বরাদ্দ সুষমভাবে বণ্টন করব এবং এলাকার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাব। বিশেষ করে দীর্ঘদিন ধরে অবহেলিত এলাকাগুলোর উন্নয়নে বিশেষ নজর দেওয়া হবে।”
তিনি আরও বলেন, “রাজনৈতিক ও সামাজিক প্রতিহিংসার ঊর্ধ্বে উঠে একটি আধুনিক, মাদক ও সন্ত্রাসমুক্ত মাদার্শা গড়ে তুলতে আমি বদ্ধপরিকর। অতীতে নিজ প্রচেষ্টায় করা বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিবরণ তুলে ধরার পাশাপাশি নির্বাচিত হলে বাস্তবায়নের জন্য আরও কিছু বিশেষ পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি।”
বক্তব্যের শেষ পর্যায়ে এলাকাবাসীর উদ্দেশে তিনি বলেন, “আপনারা এই কয়েক মাস আমার দায়িত্ব নিন, আমি পাঁচ বছর আপনাদের দায়িত্ব নেব, ইনশাআল্লাহ।” তাঁর এ বক্তব্যে উপস্থিত এলাকাবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়।
অনুষ্ঠানে এলাকাবাসীর মধ্যে উপস্থিত ছিলেন মো. আলম, মো. সেলিম, ফৌজুল আজিম, মোবারক হোসেন চৌধুরী, আলমগীর সওদাগরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যবসায়ীবৃন্দ।
এ ছাড়া উপস্থিত ছিলেন উত্তর মাদার্শা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী আকতার হোসেন বাদল, জেলা যুবদলের ধর্মবিষয়ক সম্পাদক জাহেদ খালেদ চৌধুরী, ইউনিয়ন বিএনপির সহসভাপতি জসিম উদ্দিন চৌধুরী, কাজল, ফয়সাল, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফয়সাল, ছাত্রনেতা হাসান আরভী, আরাফাতসহ স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্টান সঞ্চালনায় ছিলেন জাহেদুল আলম।
পরিশেষে হাফেজ মাওলানা আবু তাহেরের পরিচালনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
উঠান বৈঠক শেষে চেয়ারম্যান পদপ্রার্থী এস এম মোদাচ্ছের শাহ ২নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী বদিউল আলম হাট বাজারে গণসংযোগ করেন। এ সময় তিনি ব্যবসায়ীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁদের বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও মতামত শোনেন।
স্থানীয়দের উদ্যোগে আয়োজিত এ উঠান বৈঠককে কেন্দ্র করে উত্তর মাদার্শা ইউনিয়নের আসন্ন নির্বাচন নিয়ে স্থানীয়দের মধ্যে নির্বাচনী আলোচনা ও আগ্রহ লক্ষ্য করা যায়।

