আলফাডাঙ্গায় এসএসসি-২০২৬ জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

আজিজুর রহমান, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের আলফাডাঙ্গায় এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ অক্টোবর) উপজেলা মিনি হলরুমে আলফাডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য,সাবেক ইডেন মহিলা কলেজর ভিপি হেলেন জেরিন খাঁন। প্রধান বক্তা ছিলেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে হেলেন জেরিন খাঁন কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাদের সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখার আহ্বান জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমের স্বীকৃতি দেওয়া এবং তাদের উৎসাহিত করা সমাজের সবার দায়িত্ব। ভবিষ্যতে তারা যেন উচ্চশিক্ষায় আরও ভালো ফলাফল অর্জন করে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখতে পারে, সেদিকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

প্রধান বক্তা খন্দকার নাসিরুল ইসলাম বলেন, এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের ফল। শুধু ভালো ফলাফল অর্জন নয়, শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ, শৃঙ্খলা ও মানবিক গুণাবলি অর্জনের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। কৃতী শিক্ষার্থীদের সাফল্য অন্য শিক্ষার্থীদেরও পড়াশোনায় উৎসাহিত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আলফাডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রায়হানুর রহমান, আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ সোহেল সারোয়ার, গ্রাম বাংলা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের প্রতিষ্ঠাতা সভাপতি রেজওয়ান আহমেদ, আলফাডাঙ্গা পৌর বিএনপির সভাপতি রবিউল হক (রিপন), উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির এবং পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইস্রাফিল মোল্লা।

আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুল মান্নান মিয়া আব্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান খসরু ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাসিবুল হাসান (হাসান)।

অনুষ্ঠানে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয় এবং তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবক ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আলফাডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে এবং গ্রাম বাংলা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের প্রতিষ্ঠাতা সভাপতি রেজওয়ান আহমেদের সৌজন্যে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Facebook Comments Box
Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *