বিমানবন্দরে নাগরিক হয়রানির প্রতিবাদ করায় সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর।
শুক্রবার (২ অক্টোবর) বিকেল ৪টা ৪৫ মিনিটে রাজধানীর উত্তরা জসীমউদ্দীন সড়ক মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ইয়াসিন আরাফাতের নেতৃত্বে মিছিলটি বিমানবন্দর সড়কে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার এবং তার হয়রানি বন্ধের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। বিমানবন্দরে নাগরিক হয়রানির প্রতিবাদ করায় প্রতিকারের পরিবর্তে একজন সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে হয়রানিমূলক মামলা করা হয়েছে। তারা অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানান।
এসময় সংগঠনটির উত্তরা অঞ্চল পরিচালক জামাল উদ্দিনের সভাপতিত্বে এবং সহকারী পরিচালক মাহবুবুল আলমের পরিচালনায় সমাবেশে আরো উপস্থিত ছিলেন উত্তরা মডেল থানা আমির ইব্রাহীম খলীল, উত্তরা পশ্চিম আমির মাজহারুল ইসলাম, উত্তরা পূর্ব আমির মাহফুজুর রহমান, তুরাগ উত্তর আমির মতিউর রহমান, দক্ষিণখান পূর্ব আমির আবু সাঈদ, দক্ষিণখান পশ্চিম আমির আবু সাঈদ শাহনেওয়াজ, বিমানবন্দর আমির এনামুল হক শিপন ও মহানগরীর যুব বিভাগের সেক্রেটারি মোস্তফা ফয়সাল পারভেজসহ স্থানীয় নেতাকর্মীরা।
