আজিজুর রহমান দুলাল : আলফাডাঙ্গায় দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্যসেবা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ‘এসো আলফাডাঙ্গা গড়ি’ নামে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে শুক্রবার (২ অক্টোবর) কলেজ রোডের রিয়াদ ভবনে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা ও চিকিৎসকদের পরামর্শ নেন।
কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এস এম বায়েজীদ খান, পিবিজিএম, পিএসসি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘এসো আলফাডাঙ্গা গড়ি’র আহ্বায়ক মো. লুৎফর রহমান খান।
দিনব্যাপী স্বাস্থ্যসেবা কার্যক্রমে চিকিৎসা দেন ডা. মোহাম্মদ শাহ আলম, এমবিবিএস, এফসিপিএস (মেডিসিন), অ্যাসোসিয়েট প্রফেসর, উত্তরা আধুনিক মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং ডা. শ্যামল কুমার বিশ্বাস, এমবিবিএস, গাইনি ও অবস বিশেষজ্ঞ, আরামবাগ হাসপাতাল, ফরিদপুর।
প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এস এম বায়েজীদ খান বলেন, “মানুষের সেবার চেয়ে বড় কোনো কাজ হতে পারে না। বিশেষ করে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে বিনামূল্যে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া একটি মহৎ উদ্যোগ। ‘এসো আলফাডাঙ্গা গড়ি’র এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম প্রশংসনীয়। ভবিষ্যতেও সংগঠনটি মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে বলে আশা করি।”
তিনি আরও বলেন, সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিরা এ ধরনের মানবিক উদ্যোগে এগিয়ে এলে সাধারণ মানুষ আরও বেশি উপকৃত হবে।
সভাপতির বক্তব্যে মো. লুৎফর রহমান খান বলেন, “আমাদের সংগঠনের মূল লক্ষ্য হলো আলফাডাঙ্গার মানুষের কল্যাণে কাজ করা। চিকিৎসাসেবা মানুষের মৌলিক প্রয়োজনের একটি। অনেক মানুষ অর্থের অভাবে প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারেন না। তাদের কথা বিবেচনা করেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও মানুষের পাশে থেকে সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করতে আমরা কাজ করে যাব।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মনিরুল হক শিকদার, বাংলাদেশ বেতার ও টেলিভিশনের গীতিকার ও সুরকার সমচুউদ্দীন হাসু, মহিউদ্দিন মাস্টার, আলফাডাঙ্গা এ. জেড. পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম আজাদুল ইসলামসহ উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আয়োজকরা জানান, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সাধারণ মানুষের কল্যাণে এ স্বাস্থ্যসেবা কর্মসূচির আয়োজন করা হয়েছে। ‘এসো আলফাডাঙ্গা গড়ি’ ভবিষ্যতেও স্থানীয় মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।
