ফরিদপুরে আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরির শুভ উদ্বোধন

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ‘বই জ্ঞানের আলো ছড়ায়’ এই বার্তাকে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গা প্রেসক্লাবে আনুষ্ঠানিকভাবে একটি আধুনিক লাইব্রেরির উদ্বোধন করা হয়েছে। স্থানীয় গণমাধ্যমকর্মীদের পাশাপাশি তরুণ সমাজকে পাঠাভ্যাসে উদ্বুদ্ধ করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় আলফাডাঙ্গা প্রেসক্লাবের স্থায়ী কার্যালয়ে আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে লাইব্রেরিটির যাত্রা শুরু হয়। আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি এনায়েত হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মনিরুল হক শিকদার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাশিয়ানী টেকনিক্যাল স্কুল ও কলেজের (টিএসসি) ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. সুমন রায়, আলফাডাঙ্গা সরকারি কলেজের সাবেক (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ আঃ সালাম এবং সমাজসেবক ও মুন্সী রিয়েল এস্টেটের স্বত্বাধিকারী মুন্সী বিল্লাল হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে মনিরুল হক শিকদার বলেন, “ডিজিটাল যুগে মুঠোফোনের অতিব্যবহারের কারণে তরুণ সমাজ বই পড়া থেকে দূরে সরে যাচ্ছে। সাংবাদিকরা সমাজের দর্পণ; তাদের মনন ও জ্ঞানচর্চার পরিধি বাড়াতে এ লাইব্রেরি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” অন্যান্য বক্তারা বলেন, একটি আলোকিত সমাজ গঠনে পাঠাগারের বিকল্প নেই। আলফাডাঙ্গা প্রেসক্লাবের এ ধরনের সামাজিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।

অনুষ্ঠানে প্রেসক্লাব পরিবারের পক্ষে সাবেক সভাপতি মোরাদ হোসেন তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর কুমার বিশ্বাস, জাহাঙ্গীর আলম, সাবেক সভাপতি আমিনুর রহমান আচ্চু, বর্তমান কমিটির যুগ্ম সম্পাদক তামিম আহমেদ, দপ্তর সম্পাদক রিয়াজ মুস্তাফিজ, প্রচার সম্পাদক হারুনুর রশীদ এবং সদস্য কামরুল ইসলামসহ স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

প্রেসক্লাব সূত্রে জানা যায়, প্রাথমিক পর্যায়ে পাঠাগারটিতে মুক্তিযুদ্ধ, ইতিহাস, সাহিত্য, সাংবাদিকতা, ধর্ম ও বিজ্ঞানভিত্তিক বিভিন্ন ক্যাটাগরির শতাধিক বই রাখা হয়েছে। স্থানীয় গণমাধ্যমকর্মীসহ যেকোনো বইপ্রেমী এখানে বসে বই পড়ার সুযোগ পাবেন। ভবিষ্যতে বইয়ের সংখ্যা ও সুবিধা আরও বাড়ানো হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

Facebook Comments Box
Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *