শ্রেণিকক্ষের দেয়াল ধসে পড়েছে, কোথাও মেঝে দেবে গেছে। ঝুঁকিপূর্ণ দেওয়াল বাঁশের খুঁটি দিয়ে ঠেকিয়ে রাখার চেষ্টা করা হলেও কাটেনি শঙ্কা। যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। তাই প্রায় একমাস ধরে শ্রেণিকক্ষ ছেড়ে খোলা আকাশের নিচে স্কুল মাঠে ক্লাস করছে শিক্ষার্থীরা।
নওগাঁর বদলগাছী উপজেলার সন্যাসতলা নাসরিন সিদ্দিকী উচ্চ বালিকা বিদ্যালয়ে দেখা দিয়েছে এমন পরিস্থিতি। শ্রেণিকক্ষ সংকটে ব্যাহত হচ্ছে পাঠদান। ঝুঁকিপূর্ণ ভবনে ক্লাস করতে ভয় পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থী।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, কয়েকটি শ্রেণির শিক্ষার্থীরা মাঠে বসে ক্লাস করছে। একটি শ্রেণির পাঠদান চলছিল বারান্দায়। শিক্ষার্থীরা জানায়, প্রায় এক মাস ধরে তাদের মাঠে বসেই ক্লাস করতে হচ্ছে। বৃষ্টি হলে পাঠদান আরও ব্যাহত হয়।
বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষের পেছনের দেওয়ালের অংশ ধসে পড়েছে। মেঝের একাংশ দেবে গেছে। দেওয়ালে দেখা দিয়েছে বড় বড় ফাটল। ঝুঁকিপূর্ণ দেওয়াল বাঁশের খুঁটি দিয়ে ঠেকিয়ে রাখা হয়েছে। বিদ্যালয়ের উত্তর পাশে পুকুর থাকায় ভবনটি নিয়ে আরও শঙ্কা তৈরি হয়েছে।
অষ্টম শ্রেণির শিক্ষার্থী শিমু কবিরাজ বলেন, ঝুঁকিপূর্ণ কক্ষে বসতে ভয় লাগে। তাই মাঠে ক্লাস করছে তারা।
আরেক শিক্ষার্থী সামিয়া সুলতানা বলেন, প্রায় এক মাস ধরে মাঠে পাঠদান চলছে। বৃষ্টির কারণে প্রায়ই পড়াশোনা ব্যাহত হচ্ছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাসুদ রানা বলেন, বিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে কোনো সরকারি ভবন বরাদ্দ পাওয়া যায়নি। ভবনের সংকট ও ঝুঁকিপূর্ণ অবস্থার কথা জানিয়ে একাধিকবার আবেদন করা হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। বিদ্যালয়ের তিনটি কক্ষ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এর মধ্যে একটি কক্ষের দেয়াল ধসে পড়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে বাধ্য হয়ে বাইরে ক্লাস নিতে হচ্ছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিউল আলম বলেন, নতুন ভবনের চাহিদা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে পাঠানো হয়েছে। শিক্ষার্থীরা মাঠে ক্লাস করায় শ্রেণিকক্ষ সংস্কারের জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনি বলেন, বিষয়টি তার নজরে এসেছে। সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
