বান্দরবানে অগ্নিকাণ্ডে নিঃস্ব ১৭ পরিবারকে পুনর্বাসনে সহায়তা দিল সেনাবাহিনী
বাসুদেব বিশ্বাস, বান্দরবান: বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার ২ নম্বর তারাছা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বড়ইতলী পাড়ায় অগ্নিকাণ্ডে বসতঘর হারানো ১৭টি পরিবারের পুনর্বাসনে সহায়তা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য ঘর পুর্ননির্মাণে ঢেউটিন, চিকিৎসাসেবা ও শুকনা খাবারসহ প্রয়োজনীয় মানবিক সহায়তা প্রদান করেছে বান্দরবান সদর জোন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে বান্দরবান রিজিয়ন সদর দপ্তরের নির্দেশনা ও সহযোগিতায় আয়োজিত এ সহায়তা কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সদর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল সায়েম আহমেদ। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে সহায়তা সামগ্রী তুলে দেন।
উল্লেখ্য গত ৯ নভেম্বর রাত আনুমানিক ১২টার দিকে রোয়াংছড়ি উপজেলার ২ নম্বর তারাছা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বড়ইতলী পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ১৭টি পরিবারের বসতঘর পুড়ে যায়। আকস্মিক এ দুর্ঘটনায় পরিবারগুলো চরম দুর্ভোগে পড়ে।
সহায়তা বিতরণকালে জোন কমান্ডার ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের বর্তমান পরিস্থিতি ও দুর্ভোগের বিষয়ে খোঁজখবর নেন।ভবিষ্যতেও যেকোনো প্রয়োজনে সেনাবাহিনী তাঁদের পাশে থাকবে বলে আশ্বস্ত করেন তিনি।
সেনাবাহিনীর এই উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে কিছুটা স্বস্তি ফিরে আসে| দুর্যোগের সময়ে সহায়তা নিয়ে পাশে দাঁড়ানোয় সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারাও।
সেনাবাহিনী জানায়, পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জাতি, ধর্ম ও সম্প্রদায় নির্বিশেষে সাধারণ মানুষের কল্যাণে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে তারা। এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

