অপপ্রচার ও মাদক প্রতিরোধে আলফাডাঙ্গায় সচেতনতামূলক আলোচনা সভা

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্যের বিস্তার রোধ এবং মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ২ নম্বর গোপালপুর ইউনিয়নে এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই, ২০২৬) গোপালপুর ইউনিয়ন পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও ২ নম্বর গোপালপুর ইউনিয়ন পরিষদের যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত নূর মৌসুমী। গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইফুল খান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.কে.এম. রায়হানূর রহমান। থানা পুলিশের পক্ষে উপস্থিত ছিলেন গোপালপুর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত বিট পুলিশ কর্মকর্তা এসআই সমীর কুমার হোড়।

আলোচনা সভায় বক্তারা বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার বা শেয়ার করা উচিত নয়। গুজব ও অপপ্রচার সমাজে বিভ্রান্তি, অস্থিরতা এবং সামাজিক সম্প্রীতির জন্য হুমকি সৃষ্টি করে। তাই দায়িত্বশীল নাগরিক হিসেবে সবাইকে তথ্য যাচাই করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ ও প্রচার করার আহ্বান জানানো হয়।

বক্তারা আরও বলেন, মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি, যা ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তরুণ প্রজন্মকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, প্রশাসন এবং সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগের কোনো বিকল্প নেই।

সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সভা শেষে বক্তারা গুজব ও অপপ্রচার প্রতিরোধ, সামাজিক মূল্যবোধ রক্ষা এবং মাদকমুক্ত সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের সচেতনতামূলক উদ্যোগ স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box
Share: