আয়াতুল্লাহ আলী খামেনি নিহত, ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন—এমন খবরে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

রোববার (১ মার্চ) ফারস সংবাদ সংস্থার বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

রাষ্ট্রীয় টেলিভিশনে আবেগঘন এক ঘোষণায় উপস্থাপক দেশজুড়ে ৪০ দিনের শোক পালনের কথা জানান। এ সময় সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে পতাকা অর্ধনমিত রাখাসহ শোকসূচি পালনের নির্দেশ দেওয়া হয় বলে জানা গেছে।

এর আগে ইরানের তাসনিম ও ফারস সংবাদ সংস্থা দাবি করে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় খামেনি নিহত হয়েছেন। তবে এ বিষয়ে তেহরান শুরুতে আনুষ্ঠানিকভাবে মার্কিন দাবিকে প্রত্যাখ্যান করেছিল।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প শনিবার (২৮ ফেব্রুয়ারি) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে-এ দেওয়া এক পোস্টে খামেনির মৃত্যুর কথা উল্লেখ করেন। সেখানে তিনি বলেন, খামেনি ইতিহাসের অন্যতম ‘অত্যাচারী’ নেতা ছিলেন এবং তার মৃত্যু ইরানের জনগণসহ বিশ্বজুড়ে ক্ষতিগ্রস্তদের জন্য ন্যায়বিচার বয়ে এনেছে।

ট্রাম্প আরও দাবি করেন, উন্নত গোয়েন্দা নজরদারি ও ইসরাইলের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এ অভিযান পরিচালিত হয়েছে। তিনি ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি), সামরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের উদ্দেশে বলেন, তারা চাইলে এখনই নিরাপত্তা সুবিধা পেতে পারে, অন্যথায় কঠোর পরিণতির মুখোমুখি হতে হবে।

সব মিলিয়ে ঘটনাটি মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে এবং আন্তর্জাতিক অঙ্গনে এর প্রভাব নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

Facebook Comments Box
Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *