ভোটে ঈদের আমেজ, ইসির প্রতি মানুষের আস্থা ফিরেছে: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন কমিশনের (ইসি) ওপর আস্থা না ফিরে এলে লোক ভোট কেন্দ্রে আসতো না। দলগুলো আস্থা রেখেছে, তারা মুখে যাই বলুক না কেন। আপনারা তো অতীতে নির্বাচন দেখেছেন, আপনারা যে এতগুলো ক্যামেরা নিয়ে হাজির হয়েছেন? আমাদের ওপর আস্থা আছে বলেই তো হাজির হয়েছেন। ঈদের মত ভোটের আমেজ চলছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ঢাকা-৮ আসনের ইস্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে এসে এক প্রশ্নের জবাবে সিইসি একথা বলেন।

সিইসি বলেন, ঈদের মত ভোটের আমেজ চলছে। বিশ্বাসযোগ্য নির্বাচন দেবো ওয়াদা করেছিলাম। সারাদেশে সুষ্ঠু সুন্দর নির্বাচন হচ্ছে। বাকিটা সফলভাবে হবে এটাই প্রত্যাশা। বাংলাদেশ গণতন্ত্রের ট্রেনে উঠে গেলো। ইসি কারও পক্ষে বিপক্ষে নয়। এদেশে পাতানো নির্বাচন হবে না। পাতানো নির্বাচন, কেন্দ্র দখল ভুলে যেতে হবে। ইসির পাতানো নির্বাচনের উদ্দেশ্য নয়। ইসির ওপর আস্থা ফিরে এসেছে।

গণমাধ্যমকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা সত্য তথ্য তুলে ধরবেন। মেইন স্ট্রিমের গণমাধ্যমকে ভূমিকা নিতে হবে। অনেকে ভিন্ন উদ্দেশ নিয়ে ভুল তথ্য সোশ্যাল মিডিয়াতে দিয়ে থাকে। যারা দেশের মঙ্গল চাই না তারাই অপপ্রচার ছড়াই। পরে এটা হাজার হাজার শেয়ার হতে থাকে। তবে এই শেয়ারগুলো করার আগে আপনারা সত্য-মিথ্যা যাচাই করবেন। এর আগে শেয়ার করবেন না।

তিনি আরও বলেন, মানুষ কিন্তু বুঝে গেছে সুষ্ঠু নির্বাচন ছাড়া আমাদের আর অন্য কোনো উদ্দেশ নেই। আমি টেলিভিশনে গ্রামের বিভিন্ন সেন্টার দেখেছি। ভোটকেন্দ্রে নারীদের উপস্থিতি দেখে আমি আনন্দিত। পঞ্চগড়ে নারীরা ভোর বেলা থেকে লাইন দিয়েছে। আমাদের ইয়াং জেনারেশন-নারীরা শক্তিতে পরিণত হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রসঙ্গে তিনি বলেন, এআই জেনারেটেড কন্টেন্ট আমাদের জন্য এক নম্বর থ্রেট হবে। আমরা অনেক প্রস্তুতি নিয়েছি তারপরও মোকাবিলা করে শেষ করা যাচ্ছে না। সেদিন কানাডিয়ান হাই কমিশনার আসছিলেন তারাও বলে এআই তারা ট্যাকেল করতে পারে নাই। ৫০ শতাংশের উৎসব হচ্ছে আমাদের বর্ডারের বাইরে। যার ওপরে আমাদের কোন নিয়ন্ত্রণ নাই। তবে আমরা সত্য তথ্য দিয়ে অপতথ্য মোকাবিলা করার স্ট্র্যাটেজি নিয়েছি। আপনারা দয়া করে সত্য তথ্য তুলে ধরবেন।

Facebook Comments Box
Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *