দেশের বাজারে সোনার গহনার দাম আরও বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম বাড়ানো হয়েছে ১ হাজার ৬৩৩ টাকা। এতে ভ্যাটসহ ভালো মানের এক ভরি সোনার গহনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৭ হাজার ৭৪৩ টাকা।
স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বাড়ায় এই দাম বাড়ানো হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১০টা থেকে এই দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
মঙ্গলবার বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে গত ২২ আগস্ট ভালো মানের এক ভরি সোনার গহনার দাম বাড়ানো হয় ৫ হাজার ৪৮২ টাকা। তার আগে ২০ আগস্ট ভালো মানের এক ভরি সোনার গহনার দাম বাড়ানো হয় ৩ হাজার ৮৪৯ টাকা। এতে তিন দফায় ভালো মানের এক ভরি সোনার গহনার দাম বাড়ানো হলো ১০ হাজার ৯৬৪ টাকা।
এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ১ হাজার ৬৩৩ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৭ হাজার ৭৪৩ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ১ হাজার ৫৭৪ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৬ হাজার ৬০৪ টাকা।
এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ১ হাজার ৩৪১ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩ হাজার ১৮৭ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম ১ হাজার ১০৮ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৫ হাজার ৯২০ টাকা।
