বাসুদেব বিশ্বাস,বান্দরবান: সনাতন ধর্মালম্বীদের অন্যতম অবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষ্যে বান্দরবানে তিনদিনব্যাপী নানা ধর্মীয় ও মাঙ্গলিক কর্মসূচীর আয়োজন করেছে বান্দরবান কেন্দ্রীয় শ্রী শ্রী জন্মাষ্টমী উৎসব উদযাপন পরিষদ।
জন্মাষ্টমী উৎসব উপলক্ষে ৩ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকালে বান্দরবান রাজারমাঠে আর্শিবাদক হিসেবে উপস্থিত থেকে জাতীয় পতাকা ও ধ্বজা উত্তোলন করেন বাঙ্গালহালিয়া জ্যোতিশ্বর বেদান্ত মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী অভেদানন্দ ব্রহ্মচারী মহারাজ, পরে উৎসব অঙ্গনে মঙ্গল প্রজীপ প্রজ্জলন করা হয়। এরপরে শ্রীমদ্ভবগীতা পাঠ করেন ধর্মযাজক প্রদর্শন দেবনাথ।
এসময় বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় দুর্গা মন্দিরের সভাপতি বিপ্লব কান্তি দাশ, বান্দরবান কেন্দ্রীয় শ্রী শ্রী জন্মাষ্টমী উৎসব উদযাপন পরিষদ এর সভাপতি রিটল কান্তি বিশ্বাস, সাধারণ সম্পাদক অলক ধরসহ বান্দরবানের বিভিন্ন মন্দিরের সভাপতি, সাধারণ সম্পাদক এবং সনাতনী নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
তিনদিনব্যাপী এই মহা মাঙ্গলিক আয়োজনে দুপুরে ও রাতে মহাপ্রসাদ বিতরণ, বিকেলে ধর্মীয় সভা এবং ৪ সেপ্টেম্বর ভোরে মহানামযজ্ঞের শুরু এবং জন্মাষ্টমী উপলক্ষ্যে শোভাযাত্রা ও সর্বশেষে আগামী ৫ সেপ্টেম্বর ভোরে মহানামযজ্ঞের পূর্ণাহুতি, নগর পরিক্রমা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে বান্দরবানে শেষ হবে সনাতন ধর্মালম্বীদের তিনদিনব্যাপী বর্ণাঢ্য এই জন্মাষ্টমী উৎসবের।
