Popular Posts

শেষ মুহূর্তে চমক-প্রথমবারের মতো বিপিএলে নোয়াখালী!

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরকে ঘিরে নাটকীয়তা যেন পিছু ছাড়ছে না। তিন দফা পিছিয়ে অবশেষে আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে নিলাম, যেখানে এবার প্লেয়ার্স-ড্রাফটের বদলে সরাসরি নিলামের মাধ্যমে দলগুলো ক্রিকেটার দলে ভিড়াবে। তবে নিলামের আগে সবচেয়ে বড় আলোচনার জন্ম দিয়েছে নতুন ফ্র্যাঞ্চাইজির আগমন। শুরুতে পাঁচ দলের পরিকল্পনা থাকলেও শেষ মুহূর্তে যুক্ত হয়েছে আরও একটি নতুন দল-নোয়াখালী এক্সপ্রেস।

দেশ ট্রাভেলসের মালিকানায় নোয়াখালী এক্সপ্রেসের অন্তর্ভুক্তি নিশ্চিত হয়েছে গতকাল রাতে, বিসিবির পাঠানো ই-মেইলে বিষয়টি আনুষ্ঠানিক রূপ পায়। আজকের মধ্যেই প্রয়োজনীয় বাকি কাগজপত্র ও আনুসঙ্গিক প্রক্রিয়া চূড়ান্ত করার কথা রয়েছে। ফলে ২৬ ডিসেম্বর সম্ভাব্য তারিখে ছয় দল নিয়ে মাঠে গড়াতে যাচ্ছে বিপিএলের ১২তম আসর, যার ফাইনাল হতে পারে ২৪ জানুয়ারি।

এর আগে গত ১১ অক্টোবর বিপিএল ফ্র্যাঞ্চাইজিদের জন্য ১০টি অঞ্চল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নোয়াখালী ও ময়মনসিংহ প্রথমবারের মতো তালিকায় যুক্ত হয়। তখন নোয়াখালীর মালিকানা পেতে চেয়েছিল বাংলা মার্ক লিমিটেড, কিন্তু প্রাথমিক যাচাই-বাছাইয়ে তারা বাদ পড়ে। পরবর্তী এক মাসের মধ্যে আবারও সুযোগ উন্মুক্ত হলে দেশ ট্রাভেলস দ্বিতীয় দফায় মূল্যায়ন ও আর্থিক স্বচ্ছতার প্রক্রিয়া পেরিয়ে ফ্র্যাঞ্চাইজি পাওয়ার যোগ্যতা অর্জন করে।

ফ্র্যাঞ্চাইজিদের জন্য বিসিবির শর্ত ছিল পাঁচ কর্মদিবসের মধ্যে ১০ কোটি টাকার ব্যাংক গ্যারান্টি জমা দেওয়া। বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজি এই শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় সময়সীমা বাড়িয়ে ১৮ নভেম্বর করা হয়। তবুও কয়েকটি দল সময়মতো অর্থ জমা দিতে পারেনি, যা পুরো প্রক্রিয়ায় আরও অনিশ্চয়তা তৈরি করেছিল। ঠিক এই প্রেক্ষাপটে দেশ ট্রাভেলস প্রথমে রাজশাহী ফ্র্যাঞ্চাইজির মালিকানা পেতে আগ্রহ প্রকাশ করলেও পরে শর্ত পূরণ করতে না পেরে বাদ পড়ে। কিন্তু শেষ মুহূর্তের নাটকীয়তায় নতুন করে নোয়াখালীর মালিকানা পাওয়ার সুযোগ তৈরি হয় এবং তারা সেই সুযোগ কাজে লাগায়।

এবারের নিলামে অংশ নিতে চূড়ান্ত ছয় ফ্র্যাঞ্চাইজি হলো-রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটান্স, রাজশাহী ওয়ারিয়র্স, চিটাগং রয়েলস ও নোয়াখালী এক্সপ্রেস। নিলামের আগে প্রতিটি দল দুজন করে দেশি ও বিদেশি ক্রিকেটারের সঙ্গে সরাসরি চুক্তি করার সুযোগ পাবে।

এরই মধ্যে বসুন্ধরা গ্রুপের টগি স্পোর্টস রংপুর রাইডার্সের মালিকানা পেয়েছে। চট্টগ্রাম রয়্যালসের মালিকানা পেয়েছে ট্রায়াঙ্গাল সার্ভিস, রাজশাহীর দায়িত্ব নিয়েছে নাবিল গ্রুপ, সিলেটের মালিকানা পেয়েছে ক্রিকেট উইথ সামি এবং ঢাকা ফ্র্যাঞ্চাইজির মালিকানা গেছে চ্যাম্পিয়ন স্পোর্টসের হাতে। নোয়াখালীর মালিকানা নিশ্চিত করেছে দেশ ট্রাভেলস।

বিপিএলের ১২তম আসর শুরুর আগেই বেড়ে চলেছে উত্তাপ, বাড়ছে দলবদল ও মালিকানা পরিবর্তনের নাটকীয়তা। আর নিলাম অনুষ্ঠিত হলে আরও নতুন চমকের অপেক্ষা থাকবে।

Facebook Comments Box
Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *