ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাষ্ট্রপতি নির্বাচনের জন্য দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কার্যালয় থেকে আজ রোববার (৯ আগস্ট) সকালে দলটি এই মনোনয়নপত্র সংগ্রহ করে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি আজ একটি মনোনয়নপত্র সংগ্রহ করেন। আরেকটি মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তবে তাঁরা কার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, তা নিশ্চিত হওয়া যায়নি।
ইসি সূত্র জানিয়েছে, রাষ্ট্রপতি পদে একই ব্যক্তির নামে দুটি মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার বিধান আছে। কারণ, একটি মনোনয়নপত্রে কোনো ভুল–ত্রুটি থাকলে যাতে অন্যটি বিবেচনায় নেওয়া যায়। সদ্যবিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের নির্বাচনের সময়ও এমনটা করা হয়েছিল।
তফসিল অনুযায়ী, ২০ আগস্ট রাষ্ট্রপতি পদে নির্বাচন। মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেন সংসদ সদস্যরা।
নির্বাচন কমিশন আরও জানিয়েছে, শেষ পর্যন্ত একাধিক প্রার্থী থাকলে ২০ আগস্ট বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশনকক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ হবে।
