পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জাতিসংঘের ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিলের হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স সেগমেন্টে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক যাচ্ছেন। তিনি মঙ্গলবার (১৬ জুন) নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।
সোমবার (১৫ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ১৭ থেকে ১৯ জুন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিলের হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স সেগমেন্ট অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশ অংশগ্রহণ করবে।পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।
সেগমেন্টে অংশগ্রহণ শেষে আগামী ২০ জুন নিউইয়র্ক থেকে তার দেশে ফেরার কথা রয়েছে।
ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিলের হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স সেগমেন্টের ভাইস প্রেসিডেন্ট ও জাতিসংঘে স্পেনের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত হেক্টর গোমেজ এবারের সেগমেন্টের সভাপতির দায়িত্ব পালন করবেন।
জাতিসংঘের ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিলের হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স সেগমেন্ট বিশ্বব্যাপী মানবিক সংকট মোকাবিলা, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সহায়তার সমন্বয়ের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।প্রতি বছর সদস্য রাষ্ট্র, জাতিসংঘ সংস্থা এবং দাতা দেশগুলোকে একত্র করে এখানে একটি সর্বসম্মত মানবিক প্রস্তাব গ্রহণ করা হয়।
এছাড়া সেগমেন্টে বিশ্বজুড়ে ক্রমবর্ধমান ও জটিল মানবিক জরুরি অবস্থা মোকাবিলা, মানবিক সহায়তা জোরদার, আন্তর্জাতিক মানবিক আইনের প্রয়োগ এবং জলবায়ু সংকটের মানবিক প্রভাবসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়।
