মৌলভীবাজারে ৩ দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা শুরু, জুম্মায় হাজারো মুসল্লির ঢল

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে মৌলভীবাজারে শুরু হয়েছে তিন দিনব্যাপী আঞ্চলিক জেলা ইজতেমা। ইজতেমার প্রথম দিন শুক্রবার জুম্মার নামাজে অংশ নিয়েছেন জেলা ও আশপাশের এলাকার হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি।

শুক্রবার (৬ নভেম্বর) জুম্মার নামাজে অংশ নেন মৌলভীবাজার সদর-রাজনগর ৩ আসনের সদস্য এম নাসের রহমান এমপি,জেলা পরিষদের প্রশাসক মোঃ মিজানুর রহমান মিজান, জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম,পৌর বিএনপি’র সাধারন সম্পাদক মনোয়ার আহমেদ রহমান প্রমুখ।

​জানা যায়, সকাল থেকেই মৌলভীবাজারের নির্ধারিত ইজতেমা ময়দানে বিভিন্ন উপজেলা ও দূরদূরান্তের এলাকা থেকে মুসল্লিরা দলে দলে যোগ দিতে থাকেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে ইজতেমা ময়দান কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়।

​দুপুরে স্থানীয় ও আগত আলেমদের গুরুত্বপূর্ণ বয়ান শুনেন মুসল্লিরা। ঠিক দুপুর ১টায় জুম্মার আজান ও পরবর্তীতে খুতবা শেষে লাখো কণ্ঠে উচ্চারিত হয় খাস মোনাজাত ও আমিন আমিন ধ্বনি। বয়ানে অংশ নেওয়া বিশ্ব ইজতেমার প্রতিনিধি ও দেশীয় আলিমগণ ঈমান, আমল, দাওয়াত ও আখলাক উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন।

​আয়োজকরা জানিয়েছেন, আগামী তিন দিন ধরে দেশ-বিদেশের খ্যাতনামা ওয়ায়েজ ও মুরব্বিরা পবিত্র কুরআন ও সুন্নাহর আলোকে বয়ান পেশ করবেন। শনিবার সকাল সাড়ে ১১ টায় আখেরি মোনাজাতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘটবে এই ইজতেমার।

এছাড়া মুসল্লিদের নির্বিঘ্নে যাতায়াত এবং ওজু-গোসলের সুব্যবস্থা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবী দল কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত।

Facebook Comments Box
Share: