তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ পন্য ও বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ রাখা এবং অ্যান্টিবায়োটিক রেজিস্টার সংরক্ষণ না করে অ্যান্টিবায়োটিক জাতীয় ওষুধ বিক্রির দায়ে তিনটি ফার্মেসিকে মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (৯ই আগস্ট) জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফ্রাহিম ইকবাল চৌধুরী ও আয়শা আক্তার লাবনী-এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ঔষধ ও কসমেটিকস্ আইন, ২০২৩-এর ৪০(খ), ৪০(গ) ও ৪০(ঘ) ধারায় সংশ্লিষ্ট ফার্মেসিগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। একই সঙ্গে জরিমানাকৃত অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
এদিকে,পরবর্তীতে মৌলভীবাজার শহরের শাহ্ মোস্তফা রোড এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৪৯(১) ধারায় তিনটি মামলায় মোট ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষায় ও ওষুধের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণ এবং সড়ক পরিবহন আইন বাস্তবায়নে এ ধরনের অভিযান চলমান থাকবে।
