পররাষ্ট্র মন্ত্রণালয়ে নতুন দায়িত্বে মো. আশফাক হোসেইন: প্রবাসীদের শুভেচ্ছা
অনলাইন ডেস্কঃ দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের সাবেক সফল কাউন্সেলর জনাব মো. আশফাক হোসেইন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ে নতুন ও গুরুত্বপূর্ণ দায়িত্বে যোগদান করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সাম্প্রতিক অফিস আদেশে তাকে ‘পরিচালক (পররাষ্ট্র মন্ত্রীর দপ্তর)’ পদে পদায়ন করা হয়েছে। পাশাপাশি তিনি ‘পরিচালক (অভিবাসন ও অনিবাসী বাংলাদেশি বিষয়ক অনুবিভাগ)’ এবং ‘পরিচালক (আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক অনুবিভাগ)’ হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।
সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) নিজের কর্মকালীন মেয়াদে প্রবাসীদের কল্যাণ এবং কনস্যুলার সেবার মান উন্নয়নে মো. আশফাক হোসেইন অত্যন্ত প্রশংসনীয় ও দূরদর্শী ভূমিকা পালন করেছেন।
দুবাইয়ে দায়িত্ব পালনকালে তিনি প্রবাসী বাংলাদেশিদের সার্বিক সহায়তায় সর্বদা তৎপর ছিলেন। কনস্যুলেটের সার্বিক অবকাঠামোগত উন্নয়ন, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা এবং সেবা প্রদান প্রক্রিয়ায় একটি আধুনিক ও সুশৃঙ্খল সিস্টেম গড়ে তুলতে তিনি নিরলস চেষ্টা চালিয়েছেন। তাঁর এই সংস্কারমুখী উদ্যোগের ফলে প্রবাসীরা অত্যন্ত সহজে ও দ্রুততম সময়ে সেবা পেতে শুরু করেন, যা কনস্যুলেটের সার্বিক ভাবমূর্তি অনেকাংশে উজ্জ্বল করেছে।
দুবাই কনস্যুলেটে তাঁর সফল মেয়াদ শেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একাধারে তিনটি গুরুত্বপূর্ণ পদে যোগদানে সংযুক্ত আরব আমিরাত প্রবাসী বাংলাদেশি সম্প্রদায়, ব্যবসায়ী নেতা ও বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে তাঁকে আন্তরিক অভিনন্দন ও উষ্ণ শুভেচ্ছা জানানো হয়েছে।
প্রবাসীরা আশা প্রকাশ করেন, দুবাইয়ে অর্জিত তাঁর অভিজ্ঞতা এবং পেশাদারিত্ব পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন এই দায়িত্ব বাস্তবায়নে বড় ভূমিকা রাখবে। অভিবাসন, আন্তর্জাতিক নিরাপত্তা এবং প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে তাঁর দূরদর্শী নেতৃত্ব দেশের কূটনৈতিক ও প্রবাসীবান্ধব পদক্ষেপে নতুন গতি সঞ্চার করবে।
মো. আশফাক হোসেইনের এই নতুন সাফল্য ও উত্তরোত্তর উন্নতি কামনা করছেন সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী বাংলাদেশিরা।

