সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বৃহত্তর সিলেট অঞ্চলের প্রবাসীদের সামাজিক সংগঠন ‘জালালাবাদ এসোসিয়েশন সংযুক্ত আরব আমিরাত’ এর পক্ষ থেকে দুবাইস্থ বাংলাদেশ কনস্যুলেটের মান্যবর কনসাল জেনারেল জনাব রাশেদুজ্জামানের সাথে এক সৌজন্য ও গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুবাইয়ে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট কার্যালয়ে আয়োজিত এই সভায় জালালাবাদ এসোসিয়েশনের কার্যক্রমকে প্রবাসে আরও গতিশীল, বেগবান ও সুসংগঠিত করার নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
মতবিনিময় সভায় কনসাল জেনারেলের সাথে প্রবাসীদের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। এ সময় সাধারণ প্রবাসী বাংলাদেশিদের সার্বিক কল্যাণ সাধন, সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের বর্তমান ভিসা-সংক্রান্ত জটিলতাগুলো দ্রুত নিরসন এবং কনস্যুলেটের প্রবাসী সেবার মান আরও উন্নত ও প্রবাসীবান্ধব করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। একই সাথে স্থানীয় আইনকানুনের প্রতি প্রবাসীদের সচেতনতা বৃদ্ধির মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের সুনাম ও মর্যাদা অক্ষুণ্ন রাখার বিষয়েও নেতৃবৃন্দ ও কনসাল জেনারেল একমত পোষণ করেন। সভায় কনসাল জেনারেল রাশেদুজ্জামান সংগঠনের নেতৃবৃন্দকে প্রবাসে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে এবং রেমিট্যান্স যোদ্ধাদের সহযোগিতায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
উক্ত মতবিনিময় সভায় জালালাবাদ এসোসিয়েশন সংযুক্ত আরব আমিরাতের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক মো: সাহেদ আহমদ রাসেল, সদস্য সচিব মোহাম্মদ আলী সুহেল, যুগ্ম আহ্বায়ক ইলিয়াস আমির আলী এবং যুগ্ম আহ্বায়ক আব্দুল জালাল বুরহান। এছাড়াও সংগঠনের সদস্যবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আনোয়ার হোসেন, বাবলু চৌধুরী, রিপন মজুমদার এবং দেলোয়ার হোসেন লুকমান। সভার শেষ প্রান্তে জালালাবাদ এসোসিয়েশনের নেতৃবৃন্দ প্রবাসীদের সার্বিক সহযোগিতায় কনস্যুলেটের আন্তরিক ভূমিকার জন্য মান্যবর কনসাল জেনারেলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
