ঝুঁকিপূর্ণ চরভদ্রাসন উপজেলা পরিষদ মার্কেট, ৩১ ডিসেম্বরের মধ্যে দোকান খালি করার নির্দেশ
ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদ মার্কেটের ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ তারিখের মধ্যে মার্কেটের সব দোকানঘর খালি করার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ভবনটিতে প্রবেশ, অবস্থান ও ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা থেকে বিরত থাকতে বলা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদ মার্কেটের সব দোকান মালিক ও ব্যবসায়ীদের হাতে এ-সংক্রান্ত নোটিশ পৌঁছে দেন উপজেলা প্রশাসনের প্রতিনিধিরা।
এর আগে গত বুধবার (১১ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদের প্রশাসক মো. জুলহাস হোসেন সৌরভ স্বাক্ষরিত এ নির্দেশনাসংবলিত নোটিশ জারি করা হয়।
নোটিশে উল্লেখ করা হয়, চরভদ্রাসন উপজেলা পরিষদ মার্কেটের ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় সেখানে অবস্থান ও ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করা অত্যন্ত বিপজ্জনক। ভবনটিতে যেকোনো সময় দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে, যা সাধারণ মানুষের জানমালের জন্য মারাত্মক হুমকিস্বরূপ।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, চরভদ্রাসন, ফরিদপুরের গত ৪ নভেম্বরের স্মারকের পরিপ্রেক্ষিতে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে নোটিশে জানানো হয়।
নোটিশ অনুযায়ী, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে মার্কেটের সব দোকানঘর সম্পূর্ণ খালি করে নিজ নিজ মালামাল ও আসবাবপত্র সরিয়ে নিতে হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ঝুঁকিপূর্ণ ভবনে প্রবেশ, অবস্থান, ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা কিংবা অন্য কোনো কাজে ভবনটি ব্যবহার করা যাবে না।
এতে আরও সতর্ক করা হয়, নির্ধারিত সময়ের মধ্যে দোকানঘর খালি না করলে এবং নির্দেশনা অমান্য করে ভবন ব্যবহার অব্যাহত রাখলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদের প্রশাসক মো. জুলহাস হোসেন সৌরভ বলেন, “চরভদ্রাসন উপজেলা পরিষদ মার্কেটের ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোনো ধরনের দুর্ঘটনা বা প্রাণহানির ঝুঁকি এড়াতেই দোকান মালিক ও ব্যবসায়ীদের নির্ধারিত সময়ের মধ্যে দোকানঘর খালি করার নির্দেশনা দেওয়া হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সবাইকে প্রশাসনের নির্দেশনা মেনে চলার অনুরোধ জানাচ্ছি। জননিরাপত্তা নিশ্চিত করতে এ বিষয়ে কোনো ধরনের অবহেলা বা ছাড় দেওয়ার সুযোগ নেই।”
উপজেলা প্রশাসন সাধারণ মানুষের জানমালের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সংশ্লিষ্ট দোকান মালিক ও ব্যবসায়ীদের নির্ধারিত সময়ের মধ্যে দোকানঘর খালি করা এবং প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে।

