কনসাল জেনারেলের সাথে দুবাই বিএনপির মতবিনিময়: প্রবাসীদের সংকট নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত বাংলাদেশি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের নানাবিধ সমস্যা, অধিকার এবং স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে দুবাইস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল রাশেদুজ্জামানের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ ও গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দুবাই আহ্বায়ক কমিটির আহ্বায়ক ও কমিউনিটি ব্যক্তিত্ব আলহাজ্ব মোহাম্মদ রফিকুল আলম এবং সদস্য সচিব মজিবুল হক (মঞ্জু)’র নেতৃত্বে দুবাই বিএনপি ও এর অন্তর্গত বিভিন্ন ইউনিট কমিটির শীর্ষ নেতৃবৃন্দের একটি প্রতিনিধি দল এই মতবিনিময় সভায় অংশ নেন।

মতবিনিময় সভায় দুবাই বিএনপির প্রতিনিধি দল সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের বিভিন্ন সংকট নিরসনে কনসাল জেনারেল রাশেদুজ্জামানের মাধ্যমে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মহোদয়ের সরাসরি হস্তক্ষেপ কামনা করেন। একই সাথে, দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে এবং প্রবাসীদের মনোবল চাঙ্গা করতে মাননীয় প্রধানমন্ত্রীকে সংযুক্ত আরব আমিরাতে রাষ্ট্রীয় সফর করার জোর আহ্বান জানান নেতৃবৃন্দ।

উন্মুক্ত ও সৌহার্দ্যপূর্ণ এই আলোচনা সভায় প্রবাসীদের কল্যাণে বেশ কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ ও যৌক্তিক দাবি কনসাল জেনারেলের কাছে লিখিত ও মৌখিকভাবে তুলে ধরা হয়। দাবিসমূহের মধ্যে রয়েছে— দীর্ঘদিন ধরে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি ভিসা বন্ধ থাকা এবং অভ্যন্তরীণ ভিসা জটিলতা দ্রুত দূরীকরণে কার্যকর কূটনৈতিক উদ্যোগ গ্রহণ; বাংলাদেশ ও ইউএই-এর মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য প্রসারে আমদানি-রপ্তানি ও কার্গো সুবিধা সহজতর করা; এবং দেশের বিমানবন্দরগুলোতে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সব ধরনের হয়রানি সম্পূর্ণরূপে বন্ধ করা।

নেতৃবৃন্দ আরও দাবি জানান, প্রবাসে কোনো বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা মৃত্যুবরণ করলে তার মরদেহ দ্রুত এবং সরকারি সার্বিক সহযোগিতায় যেন দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়। একই সাথে, প্রবাসে প্রবাসীদের সেবার সাথে জড়িত সরকারি দপ্তরসমূহ যেমন বাংলাদেশ দূতাবাস, কনস্যুলেট জেনারেলের কার্যালয়, জনতা ব্যাংক এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে সম্পূর্ণ সিন্ডিকেট ও দালাল মুক্ত রাখার জোর দাবি জানানো হয়। এছাড়া প্রবাসীদের পাসপোর্ট নবায়ন দ্রুততার সঙ্গে সম্পন্ন করা, কনস্যুলেট সেবা সাধারণ প্রবাসীদের জন্য সহজীকরণ এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে নিম্ন আয়ের প্রবাসী শ্রমিকদের জন্য ঋণ নেওয়ার নিয়মাবলী সহজ করার বিষয়েও খোলামেলা আলোচনা হয়।

উক্ত মতবিনিময় সভায় দুবাই মহানগর বিএনপি, এর অধীনস্থ সকল ইউনিট কমিটি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় প্রবাসীদের স্বার্থ রক্ষায় কনস্যুলেট প্রশাসনকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়ার পাশাপাশি প্রবাসীদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

Facebook Comments Box
Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *