তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের মৌলভীবাজার-হবিগঞ্জ সড়কের শ্রীমঙ্গলের চা কন্যা সংলগ্ন এলাকায় পুলিশের দেওয়া ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের দিকে অগ্রসর হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা।
বুধবার (২৯ জুলাই) বিকেলে সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) সার্কেল ওয়াহিদুজ্জামান রাজুর নেতৃত্বে ওই এলাকায় ব্যারিকেড দেওয়া হয়। এ সময় এনসিপির নেতাকর্মীদের আটকে দেওয়ার চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

একপর্যায়ে নেতাকর্মীরা পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জ শহরের দিকে রওনা হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জোর করে যাওয়ায় বাঁধার মুখে নেতাকর্মীরা রাস্তার ওপর বসে পড়েন।
গতকাল মঙ্গলবার হবিগঞ্জে এনসিপির নেতৃবৃন্দের ওপর হামলার ঘটনায় জেলায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলায় ৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত এনসিপি নেতৃবৃন্দরা পুলিশের ব্যারিকেড ভেঙে মিরপুর সড়ক দিয়ে হবিগঞ্জের পথে এগিয়ে আসছেন বলে জানা গেছে।
